ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান হামলার দাবি হুথিদের

ইয়েমেনের হুথি গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে গত ২৪ ঘণ্টায় সৌদি আরব মোট ২৬টি বিমান অভিযান পরিচালনা করেছে বলে দাবি করেছে হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এই অভিযানগুলো চালানো হয়।

সৌদি আরব গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে বিমান অভিযান শুরু করেছে। ইরানের মদতপুষ্ট এই ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর নেতারা জানিয়েছেন, গত কয়েক দিনে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা এবং গোষ্ঠীটির সামরিক ও লজিস্টিক স্থাপনাগুলো লক্ষ্য করে সৌদি বিমান বাহিনী অতিমাত্রায় অভিযান বাড়িয়েছে। হুথিদের দাবি অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর—এই ৭ দিনে সৌদি বিমান বাহিনী প্রায় ৩০০টি অভিযান পরিচালনা করেছে।

সংঘাতের তীব্রতা বাড়ার মধ্যে গত ১৬ সেপ্টেম্বর বুধবার হুথি বাহিনী সৌদি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। গোষ্ঠীটির সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত বিমানটির চারপাশে জড়ো হয়ে হুথি যোদ্ধারা উচ্চকণ্ঠে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিচ্ছেন।

আগস্টের শেষ সপ্তাহ থেকে হুথি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের উত্তেজনা চরম আকার ধারণ করেছে। হুথিরা কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সৌদি আরবের জ্বালানি খাতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। এর ধারাবাহিকতায় গত ১১ সেপ্টেম্বর রাতে হুথি যোদ্ধারা লোহিত সাগর ও এডেন সাগরকে সংযুক্তকারী বাব এল মান্দেব প্রণালি দখল করে নেয়, যা সৌদি আরবের জন্য বড় দুঃসংবাদ। কারণ, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার জেরে হরমুজ প্রণালি বন্ধ থাকায় সৌদি আরব এতদিন বাব এল মান্দেব প্রণালি দিয়েই নিজেদের অধিকাংশ জ্বালানি তেল রপ্তানি করে আসছিল।

যায়িদি শিয়াপন্থি মুসলিম হুথিদের আদি বাসস্থান ইয়েমেনের উত্তরাঞ্চলে। ২০১৫ সাল থেকে উত্তর ইয়েমেন নিয়ন্ত্রণ করা এই গোষ্ঠীটি পুরো ইয়েমেনের দখল চায়। তাদের এই উচ্চাভিলাষের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে দাঁড়িয়ে আছে সৌদি আরব এবং সৌদি সমর্থিত ইয়েমেনি সেনাবাহিনী।