সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ একাধিক স্থাপনায় হুতিদের হামলার দাবি

ইয়েমেনের হুতি গোষ্ঠী দাবি করেছে যে, তারা সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনে সফলভাবে হামলা চালিয়েছে। একই সঙ্গে বন্দরনগরী ইয়ানবুতে অবস্থিত সৌদি আরামকোর স্থাপনাতেও তারা হামলা চালিয়েছে বলে জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারে এক বিবৃতিতে এই হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৪৮ ঘণ্টায় আনসারুল্লাহর যোদ্ধারা সৌদি আরবের অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে মোট চারটি হামলা পরিচালনা করেছেন। এই লক্ষ্যবস্তুগুলোর তালিকায় রয়েছে রিয়াদে অবস্থিত সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইয়ানবুতে অবস্থিত সৌদি আরামকোর স্থাপনা এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দর।

হুতিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দাম্মাম বিমানবন্দরে হামলার ফলে সেখানে বিমান চলাচল ব্যাহত হয়েছে। এছাড়া আরামকোর স্থাপনায় হামলার কারণে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একইসঙ্গে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি আঘাত হানার কথাও জানিয়েছে গোষ্ঠীটি।

হুতি মুখপাত্র ইয়াহইয়া সারে সৌদি আরবকে সতর্ক করে দিয়ে বলেন, ইয়েমেনের গোত্রগুলোকে লক্ষ্যবস্তু করা হলে তার পরিণতি হবে বিপর্যয়কর ও অপ্রত্যাশিত। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, ইয়েমেনে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত সৌদি আরবের ভেতরে হুতিদের এই অভিযান অব্যাহত থাকবে। সৌদি আরব সংঘাত বাড়ালে তার পাল্টা জবাব দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য যে, এর আগে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানিয়েছিল, হুতি বাহিনীর হামলায় দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সৌদি নাগরিক ও অন্যজন ভারতীয় নাগরিক। এছাড়া আহতদের মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছেন।