দুর্বল চুক্তিতে হরমুজ প্রণালিতে সংঘাতের ঝুঁকি বাড়ছে: বিশ্লেষক

ইরান যুদ্ধ পরিস্থিতিতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার পেছনে একটি ‘অত্যন্ত দুর্বল সমঝোতা স্মারক’ (এমওইউ) দায়ী বলে মন্তব্য করেছেন অস্ট্রিয়ার সাবেক প্রতিরক্ষা অ্যাটাশে ও নিরাপত্তা নীতি বিশ্লেষক উলফগ্যাং পুসটাই। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সতর্কবার্তা দেন। পুসটাই জানান, হরমুজ প্রণালি নিয়ে বুধবার বা বৃহস্পতিবার নাগাদ কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা থাকলেও এখনই বিষয়টি নিশ্চিত করে বলা কঠিন।

নিরাপত্তা বিশ্লেষকের মতে, বর্তমানে বিভিন্ন মধ্যস্থতাকারী পক্ষ এই দুর্বল সমঝোতা স্মারকের অস্পষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করছে। তার ভাষ্যমতে, এই দুর্বল চুক্তির কারণেই বাস্তবে নতুন করে সংঘাতের পথ তৈরি হচ্ছে। পুসটাই উল্লেখ করেন, যদি ইরান ও ওমানের মধ্যকার চুক্তিতে এটি স্পষ্ট করা হয় যে, কোনো টোল আদায়ের বাধ্যবাধকতা নেই, বরং সামুদ্রিক সেবার জন্য কেবল নির্দিষ্ট ফি নেওয়া হবে, তবে যুক্তরাষ্ট্র এই ব্যবস্থা মেনে নিতে পারে।

তবে ইরান যদি সমুদ্র আইনবিষয়ক জাতিসংঘ কনভেনশনের পরিপন্থী কোনো উচ্চ হারের টোল বা বড় অঙ্কের ফি আরোপ করে, তবে যুক্তরাষ্ট্র তা কোনোভাবেই মেনে নেবে না বলে মনে করেন তিনি। পুসটাই সতর্ক করে বলেন, বিষয়টি কেবল হরমুজ প্রণালির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এই ধরনের ব্যবস্থা বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথের জন্য ভবিষ্যতে একটি নেতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। যদিও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তবে এটি বৃহত্তর সংঘাত নিরসনের জন্য যথেষ্ট নয় বলে তিনি মনে করেন।