হরমুজ প্রণালি অতিক্রমের সময় ইরানি বাহিনীর হামলার শিকার হয়েছে সৌদি আরবের একটি সুপারট্যাংকার। এই ঘটনায় জাহাজে থাকা ফিলিপাইনের দুই নাবিক নিহত হয়েছেন। ‘বাহরি সিদর’ নামের ট্যাংকারটি সৌদি আরবের অপরিশোধিত তেল বহন করছিল।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (৩১ আগস্ট) রাতে হরমুজ প্রণালি পার হওয়ার সময় ট্যাংকারটিতে এই হামলার ঘটনা ঘটে। একই সময়ে সৌদি আরবের তেলবাহী আরও একটি সুপারট্যাংকারে হামলার খবর পাওয়া গেছে।
ঘটনার পর সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় উত্তেজনা প্রশমনের পাশাপাশি আন্তর্জাতিক নৌনিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান বাহরি জানিয়েছে, তারা আক্রান্ত জাহাজটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সামুদ্রিক খাতের অংশীজনদের সঙ্গে তারা বিষয়টি নিয়ে সমন্বয় করছে।
উল্লেখ্য, এর আগে গত জুলাই মাসে ‘ওয়েদইয়ান’ নামে বাহরির আরেকটি সুপারট্যাংকারে ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রমের সময় হামলা হয়েছিল। এছাড়া সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার পর জুলাই ও আগস্ট মাসে লোহিত সাগরে ‘মাসা’ ও ‘আমজান’ নামে আরও দুটি জাহাজ হামলার শিকার হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো।

