উত্তরপ্রদেশে ১৫০ বছরের পুরোনো ঐতিহাসিক মসজিদ গুঁড়িয়ে দিল প্রশাসন

ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় প্রায় দেড়শ বছরের পুরোনো একটি ঐতিহাসিক মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে সাহারানপুর কালেক্টরেট চত্বরে অবস্থিত ‘গরিব নওয়াজ আল মারুফ’ নামের এই মসজিদটি ভেঙে ফেলা হয়। উচ্ছেদ অভিযান চলাকালীন পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে স্থানীয় প্রশাসন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে জানা গেছে, অভিযান শুরুর আগে কালেক্টরেট চত্বরের সবকটি প্রবেশপথ নিজেদের নিয়ন্ত্রণে নেয় পুলিশ। বিপুলসংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি প্রাদেশিক সশস্ত্র কনস্ট্যাবুলারি (পিএসি) ও অন্যান্য নিরাপত্তাকর্মী মোতায়েন করে পুরো এলাকা অবরুদ্ধ করে ফেলা হয়।

স্থানীয় প্রশাসনের দাবি, মসজিদটি সরকারি জমি দখল করে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। বিরোধপূর্ণ ৩১৫ বর্গমিটার জমিটি রাজস্ব নথিতে কালেক্টরেটের নিজস্ব সরকারি সম্পত্তি হিসেবে নথিভুক্ত রয়েছে বলে আদালতে যুক্তি দেখায় প্রশাসন। এর আগে, ২০২৫ সালে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের এক সাবেক নেতা কালেক্টরেট চত্বরের এই সরকারি জমি দখলের অভিযোগ তোলেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে রাজস্ব বিভাগ। এরই ধারাবাহিকতায় গত জুলাই মাসে সিটি ম্যাজিস্ট্রেট মসজিদটিকে ‘অনুমোদনহীন স্থাপনা’ হিসেবে ঘোষণা করেন এবং ৩০ দিনের মধ্যে তা খালি করার নির্দেশ দেন।

উচ্ছেদের পাশাপাশি উত্তরপ্রদেশ পাবলিক প্রিমাইসেস আইনের আওতায় মসজিদটির ওপর প্রায় ৬ কোটি ৪১ লাখ রুপি জরিমানাও ধার্য করা হয়। তবে প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আসছে মসজিদ পরিচালনা কমিটি। তাদের দাবি, মসজিদটি ১৫০ বছরেরও বেশি পুরোনো এবং এর সপক্ষে সব ধরনের বৈধ আইনি নথিপত্র তাদের কাছে রয়েছে।

মসজিদের মুতাওয়াল্লি (তত্ত্বাবধায়ক) তানভীর আহমেদ জানান, সাহারানপুর কালেক্টরেট ভবন নির্মাণেরও আগে, ব্রিটিশ আমলে এই মসজিদটি নির্মিত হয়েছিল। এমনকি ঐতিহাসিক নথি অনুযায়ী, ১৯১১ সালে এই মসজিদে বিদ্যুৎ সংযোগ নেওয়ার স্পষ্ট প্রমাণ রয়েছে। সিটি ম্যাজিস্ট্রেটের উচ্ছেদ আদেশের বিরুদ্ধে মসজিদ কমিটি জেলা আদালতে আপিল করলেও গত ২ সেপ্টেম্বর আদালত তা খারিজ করে দেন এবং উচ্ছেদ আদেশ বহাল রাখেন।

তবে মসজিদ কমিটির অভিযোগ, আদালতের আদেশে সরাসরি মসজিদটি গুঁড়িয়ে দেওয়ার কোনো নির্দেশনা ছিল না। তা সত্ত্বেও আদালতের সেই রায়ের পরপরই, ভোর হওয়ার আগেই তড়িঘড়ি করে পুরো স্থাপনাটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন।