হিমাচলে হিমবাহ গলে ৯টি ‘জলবোমা’ সৃষ্টির শঙ্কা গবেষকদের

ভারতের হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে দ্রুত বড় হয়ে উঠছে ৯টি হিমবাহ-হ্রদ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মান্ডির গবেষকেরা এই হ্রদগুলোকে সম্ভাব্য ‘জলবোমা’ হিসেবে চিহ্নিত করেছেন। গবেষকদের সতর্কবার্তা অনুযায়ী, এসব হ্রদের প্রাকৃতিক বাঁধ যদি কোনোভাবে ভেঙে যায়, তবে বিপুল পরিমাণ পানি ও পাহাড়ি ধ্বংসাবশেষ নিচের উপত্যকায় নেমে এসে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করতে পারে। সম্প্রতি নেপালে এক নজিরবিহীন আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনার পরই হিমাচল নিয়ে এই মারাত্মক আশঙ্কার কথা সামনে এল। ধারণা করা হচ্ছে, নেপালে একটি বড় হিমবাহের অংশ ভেঙে হ্রদে পড়ার ফলেই পানি উপচে সেই বন্যার সৃষ্টি হয়েছিল।

আইআইটি মান্ডির স্কুল অব সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডেরিকস পি. শুক্লার নেতৃত্বে ছয় সদস্যের একটি গবেষক দল স্যাটেলাইট চিত্র ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে এই গবেষণাটি পরিচালনা করেছেন। গবেষণায় দেখা গেছে, গত এক দশকে হিমালয় অঞ্চলে হিমবাহ-হ্রদের সংখ্যা প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং একই সঙ্গে এগুলোর আয়তনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অধ্যাপক ডেরিকস পি. শুক্লা জানান, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে হিমবাহগুলো দ্রুত গলছে। ফলে হিমবাহের গলিত পানি জমে তৈরি হওয়া হ্রদগুলোর আকার বড় হচ্ছে এবং হঠাৎ করে এসব হ্রদের পানি উপচে বা বাঁধ ভেঙে বেরিয়ে যাওয়ার ঝুঁকি বাড়ছে। বৈজ্ঞানিক পরিভাষায় এই আকস্মিক বন্যাকে ‘গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড’ বা জিএলওএফ বলা হয়। ভূমিধস, ভূমিকম্প বা অন্য কোনো ভূতাত্ত্বিক কারণে হ্রদের প্রাকৃতিক বাঁধ দুর্বল হয়ে পড়লে অল্প সময়ে বিপুল পানি নিচে নেমে আসে।

গবেষণায় হিমাচলের চাম্বা ও লাহুল-স্পিতি জেলার উচ্চভূমিতে অবস্থিত ৯টি হ্রদকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বা ‘জলবোমা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই হ্রদগুলো হলো—কালিকুন্ড, চন্দ্রতাল, বাসুকি, সুরাই, কিয়া সো, ইয়োচে, সামুদ্রা তাপু, কাসাং ও গেপাং গাথ। গবেষকেরা সতর্ক করেছেন যে, এসব হ্রদের পানি হঠাৎ ধেয়ে আসলে নিচের উপত্যকায় থাকা ১৫টির বেশি সেতু, বেশ কয়েকটি জনবসতি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবাকেন্দ্র মারাত্মক ক্ষতির মুখে পড়বে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে হিমাচল প্রদেশে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৫০০ মিটারের বেশি উচ্চতায় ২ হাজার ৭৬টি হিমবাহ-হ্রদ শনাক্ত করা হয়েছে, যা ২০১৫ সালের তুলনায় প্রায় ৭১০টি বেশি। গত ১০ বছরে এসব হ্রদের মোট আয়তন বেড়েছে ২৮ দশমিক ৪৫ শতাংশ, যা রাজ্যে জিএলওএফের ঝুঁকি বাড়ার বিষয়টি স্পষ্ট করে। নির্দিষ্ট কিছু হ্রদের ক্ষেত্রে এই পরিবর্তন আরও ভয়াবহ। যেমন—লাহুল-স্পিতি জেলার গেপাং গাথ হ্রদের আয়তন হিমবাহ গলে প্রায় ২ লাখ ৪৪ হাজার বর্গমিটার বেড়েছে। কিন্নৌরের কাসাং হ্রদের আয়তন বেড়েছে প্রায় ১ লাখ ৫০ হাজার বর্গমিটার এবং কাঙড়া ও চাম্বা জেলার কালিকুন্ড হ্রদের আয়তন বেড়েছে প্রায় ১ লাখ ২০ হাজার বর্গমিটার। কালিকুন্ড হ্রদটিকে গবেষকেরা বিশেষভাবে সংবেদনশীল বলেছেন, কারণ এর চারপাশের খাড়া ঢালের কারণে সেখানে আকস্মিক ধস বা পানি বেরিয়ে যাওয়ার ঝুঁকি অনেক বেশি।

গবেষণায় হিমবাহ দ্রুত গলার পেছনে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডকেও দায়ী করা হয়েছে। হিমাচল অঞ্চলের সংবেদনশীল হিমালয় অংশে পর্যটকদের আনাগোনা বাড়ার ফলে হিমবাহের ওপর ধুলা জমছে। পরিষ্কার বরফের চেয়ে ধুলাবালি সূর্যের আলো বেশি শোষণ করে, যা বরফ গলার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এর পাশাপাশি ভূমিকম্প বা ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগও এই হ্রদগুলোর স্থিতিশীলতা নষ্ট করতে পারে।

হিমবাহ-হ্রদের এই ঝুঁকির বিষয়টি সরকারি সংস্থাগুলোর নজরেও এসেছে। ভারতের কেন্দ্রীয় জল কমিশন (সিডব্লিউসি) এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) হিমাচলের চারটি হ্রদকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে ঘোষণা করেছে, যার মধ্যে তিনটিই আইআইটি মান্ডির গবেষণায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। গবেষকদের মতে, এই দ্রুত পরিবর্তনশীল হ্রদগুলোর ওপর নজর রাখতে স্যাটেলাইট প্রযুক্তির পাশাপাশি মাঠপর্যায়ে বাস্তব পর্যবেক্ষণ, আগাম সতর্কীকরণ ব্যবস্থা স্থাপন এবং সরকারি উদ্যোগ জরুরি।

হিমাচল প্রদেশ সরকার ইতিমধ্যেই চারটি বড় হিমবাহ-হ্রদে আগাম সতর্কীকরণ ব্যবস্থা ও ঝুঁকি প্রশমনমূলক পদক্ষেপের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে ১০৫ কোটি রুপি বরাদ্দ চেয়েছে বলে শনিবার কর্মকর্তারা জানিয়েছেন। একই সঙ্গে সিডব্লিউসি হিমালয় অঞ্চলের ৬৮১টি হিমবাহ-হ্রদের পানি প্রবাহের সম্ভাব্য পথ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো বিশ্লেষণ করবে এবং এনডিএমএ হ্রদগুলোর ঝুঁকি শ্রেণিবিন্যাসের জন্য একটি সমন্বিত কাঠামো তৈরি করবে।

হিমাচলের এই পরিবেশগত সংকট নিয়ে গত বছর ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ গভীর উদ্বেগ প্রকাশ করে সতর্ক করেছিলেন। বর্ষার প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের পরিস্থিতি আরও নাজুক হচ্ছে উল্লেখ করে আদালত বলেছিল, ‘এমন দিন বেশি দূরে নয়, যখন পুরো হিমাচল প্রদেশই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।’ আইআইটি মান্ডির এই নতুন গবেষণা সুপ্রিম কোর্টের সেই আশঙ্কাকেই যেন আরও একবার জোরালোভাবে সামনে নিয়ে এল।