হরমুজ বন্ধ থাকায় জার্মান শিপিং জায়ান্ট হ্যাপাগ-লয়েডের ৬০০ মিলিয়ন ডলার ক্ষতি

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে জার্মানির শীর্ষ কন্টেইনার শিপিং প্রতিষ্ঠান হ্যাপাগ-লয়েড। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (দ্বিতীয় ত্রৈমাসিক) গ্রুপটির প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলার লোকসান হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার জার্মান এই শিপিং জায়ান্টের পক্ষ থেকে জানানো হয়, এক বছরের ব্যবধানে তাদের নিট মুনাফায় বড় ধস নেমেছে। গত বছরের একই সময়ে যেখানে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ছিল ৩০৬ মিলিয়ন ডলার, সেখানে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তা কমে মাত্র ৮৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মূলত হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে তাদের এই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।

তবে মধ্যপ্রাচ্যের এই ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যেও কিছুটা স্বস্তির মুখ দেখেছে হ্যাপাগ-লয়েড। প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে, এশিয়া থেকে শক্তিশালী রপ্তানি প্রবাহ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে উন্নত চাহিদার কারণে এই বিশাল ক্ষতির ধাক্কা কিছুটা হলেও সামলানো সম্ভব হয়েছে। এ দুটি অঞ্চলের ইতিবাচক বাণিজ্যিক পরিস্থিতি মধ্যপ্রাচ্যের অস্থিরতা থেকে সৃষ্ট লোকসান আংশিকভাবে পুষিয়ে দিয়েছে।