যুদ্ধ এবং প্রতিদিনের কঠিন মানবিক সংকটের মধ্যেও ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল গাজার বাসিন্দাদের জন্য কয়েক ঘণ্টার স্বস্তির বার্তা নিয়ে এসেছে। গাজা উপত্যকার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরের বিভিন্ন ক্যাফেতে জড়ো হয়ে ফিলিস্তিনিরা এই বড় ফুটবল আসরের ফাইনাল উপভোগ করেছেন। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে স্পেন শিরোপা জয়ের পর সেখানে আনন্দ-উল্লাসের পরিবেশ তৈরি হয়।
দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের প্রতি স্পেনের সমর্থনের কারণে নুসেইরাত শিবিরের অনেক দর্শকই এই দলটির পক্ষে ছিলেন। ফাইনাল দেখতে আসা গাজার এক বাসিন্দা বলেন, আমরা স্পেনকে সমর্থন করতে একত্রিত হয়েছি, কারণ দেশটি বহু বছর ধরে ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে। তিনি আরও যোগ করেন, এই সমাবেশের মাধ্যমে তারা ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানো দেশগুলোর প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি শান্তির বার্তাও দিয়েছেন। গাজার বাসিন্দাদের ভাষ্যমতে, তারা এমন একটি জাতি যারা শান্তি চায়।
ফাইনালের এই আয়োজন যুদ্ধের চাপ ও মানবিক সংকটের কঠিন পরিস্থিতি থেকে গাজার বাসিন্দাদের মন সরিয়ে রাখতে সাহায্য করেছে। উল্লেখ্য, ২০২৬ সালের এই ফাইনালে জয়ের মাধ্যমে স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হলো। এর আগে ২০১০ সালে তারা প্রথমবার বিশ্বকাপ জিতেছিল। অন্যদিকে, ২০২২ সালের কাতার বিশ্বকাপের শিরোপাজয়ী আর্জেন্টিনা এবার নিজেদের শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়েছে।

