ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে মাঝ আকাশে সহ-পাইলটের হামলায় গুরুতর আহত হওয়ার পরও অসীম সাহসিকতা দেখিয়েছেন ভারতীয় পাইলট স্মিথ মছার। দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী উড়োজাহাজটিতে ১৭৪ জন যাত্রী ছিলেন। ওমানের আকাশসীমায় থাকাকালীন ককপিটে থাকা আরেকজন পাইলট স্মিথকে ছুরি দিয়ে আঘাত করেন। ধারণা করা হচ্ছে, উড়োজাহাজটি বিধ্বস্ত করাই ছিল হামলাকারীর উদ্দেশ্য।
রক্তাক্ত অবস্থায়ও স্মিথ ককপিটের দরজা খোলার সুইচ চেপে দেন, যাতে ক্রু ও যাত্রীরা ভেতরে ঢুকে হামলাকারীকে কাবু করতে পারেন। এ সময় উড়োজাহাজটি ৩০ সেকেন্ডের কম সময়ে ১৪ হাজার ফুট বা প্রায় ৪ হাজার ২৬৭ মিটার নিচে নেমে আসে। যাত্রীদের ভাষ্যমতে, উড়োজাহাজটি রোলারকোস্টারের মতো নিচের দিকে হুড়মুড়িয়ে নামছিল।
পরিস্থিতি সামাল দিতে ককপিটে ছুটে যান ইয়ানিভ হায়ুন নামের এক যাত্রী, যিনি পেশায় পাইপমিস্ত্রি। তিনি জানান, হামলাকারীর সঙ্গে অন্যদের ধস্তাধস্তির সময় তিনি উড়োজাহাজের নিয়ন্ত্রণ হাতল ধরে সামাল দেওয়ার চেষ্টা করেন। দন্তচিকিৎসক শোতা মুসায়েভও ককপিটে প্রবেশ করে দেখেন, হামলাকারী মেঝেতে পড়ে থাকা স্মিথের ওপর বসে ছুরিকাঘাত করছেন। শোতা জানান, স্মিথের মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় গভীর ক্ষত ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। শোতা ও অন্যরা হামলাকারীকে প্রতিহত করেন এবং হেডফোনের তার ও প্লাস্টিকের জিপ-টাই দিয়ে তাঁকে বেঁধে ফেলেন।
উড়োজাহাজটিতে থাকা অন্য দুজন পাইলট, যারা সেই শিফটে দায়িত্বে ছিলেন না, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে সেটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করান। যাত্রী আলমগ ইতালি জানান, বিকল্প ওই দুজন পাইলটের একজন ব্রিটিশ নাগরিক ছিলেন, যিনি উড়োজাহাজটিকে স্থির করে নিরাপদে অবতরণ করান। বর্তমানে স্মিথ মছার সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থা স্থিতিশীল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাইলট স্মিথের সাহসিকতার প্রশংসা করে তাঁকে ‘নায়ক’ হিসেবে আখ্যায়িত করেছেন। হামলাকারী পাইলট (যিনি ওমানের নাগরিক বলে অনানুষ্ঠানিকভাবে জানা যাচ্ছে) বর্তমানে সৌদি আরবে গ্রেপ্তার আছেন এবং সৌদি কর্তৃপক্ষ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।

