ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মেয়াদ আরও ১০ বছর বাড়াল ফিনল্যান্ড

ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে বিদ্যমান একটি সমঝোতা স্মারকের মেয়াদ আরও এক দশকের জন্য বৃদ্ধি করেছে ফিনল্যান্ড। নতুন এই চুক্তির ফলে আগামী ২০৩৪ সাল পর্যন্ত দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়, গবেষণা ও উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।

ফিনল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওয়াইএলই-এর প্রতিবেদন অনুযায়ী, গাজায় চলমান যুদ্ধের কারণে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা থাকলেও ২০২৪ সালের শুরুর দিকে ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী আন্তি হ্যাকানেন এই চুক্তি নবায়নের অনুমোদন দেন। চুক্তিটি জনসমক্ষে প্রকাশ করা হয়নি। ২০১৩ সালে প্রথমবার এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছিল। এর মেয়াদ শেষ হওয়ার পথে থাকলে হেলসিঙ্কি পক্ষ থেকে ইসরাইলের কাছে নবায়নের প্রস্তাব পাঠানো হয়।

পূর্বের চুক্তিটি পাঁচ বছর মেয়াদী হলেও এবার ফিনল্যান্ড ১০ বছরের জন্য মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দেয়। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল (অব.) আমির বারাম এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এবং যৌথ প্রকল্পগুলো চলমান রাখার আগ্রহ জানানো হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ডিফেন্স অ্যান্ড টেকের তথ্যমতে, কয়েক বছর আগেও যেখানে বাণিজ্যের পরিমাণ ছিল মাত্র কয়েক মিলিয়ন ডলার, বর্তমানে তা বছরে কয়েকশ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এর মধ্যে ২০২৩ সালে ফিনল্যান্ড ৩১৬ মিলিয়ন ইউরোতে ইসরাইলি 'ডেভিড'স স্লিং' আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে। এছাড়া ২০২২ সালে ২১৩ মিলিয়ন ইউরোতে স্পাইক অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র এবং ২০১৮ সালে ১৬২ মিলিয়ন ইউরোতে গ্যাব্রিয়েল অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র ক্রয় করেছে ফিনল্যান্ড। বর্তমানে দেশ দুটির মধ্যে প্রায় ২০টি প্রতিরক্ষা প্রকল্প চলমান রয়েছে।

সম্ভাব্য এই নবায়ন চুক্তিটি ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার জেনারেল জানে ইয়াকোলার ৩ থেকে ৬ আগস্ট ইসরাইল সফরের সময় স্বাক্ষরিত হয়েছে। সফরকালে তিনি এবং তার ইসরাইলি সমকক্ষরা পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি এবং বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বলে ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।