ট্রাম্পের সঙ্গে এরদোগানের ফোনালাপ: ইরান ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বরাত দিয়ে জানানো হয়েছে যে, এই ফোনালাপে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমন এবং ইউক্রেন যুদ্ধ অবসানের কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

ফোনালাপের সময় এরদোগান আগামী দিনগুলোতে আঙ্কারা ও ওয়াশিংটনের মধ্যকার সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে উভয় পক্ষ কাজ করবে। এছাড়া তুর্কি রাষ্ট্রসমূহের সংস্থার (ওটিএস) আসন্ন শীর্ষ সম্মেলনে সমর্থন দেওয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানান এরদোগান।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা নিরসনে কূটনৈতিক চ্যানেলের ব্যবহারের গুরুত্ব তুলে ধরে এরদোগান ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে চলমান জোরদার কূটনৈতিক তৎপরতা অদূর ভবিষ্যতে ইতিবাচক ফল বয়ে আনবে বলেও তুরস্কের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন।