কেনিয়ার সামবুরু কাউন্টিতে সাফারি ভ্রমণের সময় একটি পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান ও তাঁর স্ত্রীসহ সাতজন আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন মার্কিন নাগরিক রয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে মাউন্ট ওলোলোকওয়ের বনাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (কেসিএএ) জানিয়েছে, হেলিকপ্টারটিতে করে আরোহীরা বন্যপ্রাণী সংরক্ষণ এলাকার মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখছিলেন। দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান মিশেল সেনসি-কন্তুজি এবং তাঁর স্ত্রী স্টেফানি হলিহান প্রাণ হারিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, মাউন্ট ওলোলোকওয়ের বনাঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর সেখান থেকে ধোঁয়া উঠছে। দুর্ঘটনার পরপরই কেনিয়া রেড ক্রসের উদ্ধারকর্মীরা জ্বলতে থাকা ধ্বংসাবশেষের দিকে এগিয়ে যান।
এই দুর্ঘটনায় নিহত পাঁচ মার্কিন নাগরিকের মধ্যে হোসে আলবের্তো সুয়ারেজ নামের একজন এনবিসিইউনিভার্সালের সাংবাদিক রয়েছেন। তবে নিহত অন্য চার মার্কিন নাগরিকের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

