দুবাইয়ের জেবেল আলি শিল্প এলাকায় ২০ মিনিটে সাতটি শক্তিশালী বিস্ফোরণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের গুরুত্বপূর্ণ জেবেল আলি শিল্প এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মেহর নিউজ এজেন্সি আমিরাতের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, মাত্র ২০ মিনিটের ব্যবধানে সেখানে অন্তত সাতটি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, শহরটির আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে এবং একটি আবাসিক এলাকার কাছে ধোঁয়া উড়ছে। তবে এসব ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এনডিটিভি।

ঘটনার কারণ সম্পর্কে আমিরাতের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে নাসার থার্মাল ইমেজিং রিপোর্ট অনুযায়ী, শিল্প এলাকা সংলগ্ন একটি গুদামে আগুন লেগেছিল বলে জানা গেছে। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। স্থানীয় আল ফুরজানের বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের সময় তারা বিকট 'ধুপধাপ' শব্দ শুনতে পেয়েছেন।

ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। এরই মধ্যে বিস্ফোরণের দৃশ্য রেকর্ড করার দায়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরাকের সংবাদমাধ্যমগুলো দাবি করেছে যে, সংযুক্ত আরব আমিরাতে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এবং এই হামলার ঘটনাটি যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ঘটেছে। তবে আমিরাত কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই দাবির বিষয়ে কোনো কিছু নিশ্চিত করেনি।

উল্লেখ্য, জেবেল আলি দুবাইয়ের কেন্দ্র থেকে প্রায় ২৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এটি আমিরাতের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র, যেখানে কৃত্রিম দ্বীপপুঞ্জ পাম জেবেল আলি এবং বিশ্বের বৃহত্তম মানবসৃষ্ট বন্দরের পাশে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল রয়েছে।