গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকা ও দিল্লি যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইএসএস)-এ ‘পানির ভবিষ্যৎ’ শীর্ষক একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
হুমায়ুন কবির বলেন, বিষয়টি নিয়ে কথাবার্তা ও আলোচনা চলছে এবং তা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আমাদের অবস্থান থেকে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে। দুই দেশের মধ্যে যদি আন্তরিকতা থাকে—সিনিয়র অফিসিয়াল লেভেলে, লিডারশিপ বা নেতৃত্ব পর্যায়ে এবং ওয়াটার নেগোশিয়েটরদের মধ্যে, যারা দুই দিক থেকে কাজ করবেন—তবেই সমাধান সম্ভব। বিষয়টি নিয়ে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী জানান, ভারত সরকারের পক্ষ থেকেও বিষয়গুলো দেখা হচ্ছে। যদি নেতৃত্বের মানসিকতা থাকে যে তারা এগিয়ে এসে সহযোগিতা করবে, তবে আমরা অবশ্যই এই সমস্যার একটি সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক সমাধান পাবো।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আরও বলেন, আলোচনা, ডায়ালগ এবং কূটনীতির মাধ্যমেই কেবল এই বিষয়গুলো সমাধান করা সম্ভব। আন্তর্জাতিক আইনের যে অবস্থানগুলো রয়েছে, সেগুলোকেও বিবেচনায় রাখা হচ্ছে। সুতরাং, আমরা এখন এই অবস্থানেই আছি। গঙ্গা চুক্তির বিষয়ে কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একই প্রশ্ন বারবার করা হচ্ছে! আর কোনো প্রশ্ন না থাকলে আমাকে এখন মিটিংয়ে যেতে হবে। ধন্যবাদ আপনাদের।

