বিশ্ববাজারে তেলের দামে কিছুটা পতন, মাসিক হিসাবে বড় বৃদ্ধির আশঙ্কা

আন্তর্জাতিক বাজারে শুক্রবার অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনায় কোনো অগ্রগতি না হলেও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে তেলের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এই বাড়তি সরবরাহের প্রভাবেই মূলত বিশ্ববাজারে তেলের দামে কিছুটা পতন দেখা দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রিনিচ মান সময় শুক্রবার সকাল ২টা ১৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৩ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৮ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ০৯ ডলারে দাঁড়িয়েছে।

তবে দৈনিক ভিত্তিতে দাম কিছুটা কমলেও সামগ্রিক চিত্র ভিন্ন। মাসিক হিসাবে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ২০ শতাংশ বৃদ্ধির পথে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।