ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ‘লেহরা দো তিরঙ্গা’ বা ভারতের জাতীয় পতাকা ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচি রয়েছে শুক্রবার বিকেলে। এই কর্মসূচিকে ঘিরে কড়া অবস্থান নিয়েছে পুলিশ ও প্রশাসন। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ভারতের তিন রঙা জাতীয় পতাকা হাতে নিয়ে পথে নামার ডাক দিয়েছেন।
সিজেপির এই কর্মসূচির নেপথ্যে রয়েছে যন্তর মন্তরে বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা এবং দলের নেতাদের গ্রেপ্তারের ঘটনা। গত ১৩ই অক্টোবর সিজেপি নেতা সৌরভ দাস, আজিঙ্কা শিন্ডে এবং আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করে পুলিশ। যন্তর মন্তরে প্রবেশ করে স্লোগান দেওয়ার অভিযোগে তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। এর ঠিক আগের দিনই পুলিশ জানিয়েছিল, যন্তর মন্তরে আর কোনো বিক্ষোভ কর্মসূচি করা যাবে না।
অভিজিৎ দীপকে এ বিষয়ে বলেন, ‘আজ রাতে বা আগামীকাল সকালে দিল্লি পুলিশ আমাকে তুলে নিয়ে যেতে পারে। এই দেশে তেরঙ্গা ওড়ানোর জন্য যদি জেলে যেতে হয়, তাহলে আমরা তার জন্যও প্রস্তুত।’ যন্তর মন্তরের মতো একটি জায়গা, যেখানে দীর্ঘদিন ধরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে আসছে, সেখানে নিষেধাজ্ঞা জারি এবং পুলিশ-প্রশাসনের কঠোর ভূমিকার সমালোচনা করেই শুক্রবারের কর্মসূচির ডাক দেয় সিজেপি।
দিল্লিতে গত সপ্তাহ থেকেই বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শনিবার যন্তর মন্তরে সিজেপির ডাকা বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ। এর পরিবর্তে রামলীলা ময়দান, বুরারি মাঠ এবং পূর্ব দিল্লির সিবিডি—এই তিনটি জায়গা বিক্ষোভের জন্য নির্ধারণ করে দেয় প্রশাসন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা ক্ষোভের আগুন আরও বাড়িয়ে দেয়।
গত শনিবার বিমানে করে দিল্লিতে অবতরণ করার পরপরই অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে হেফাজতে নেয় পুলিশ। একই দিনে ইউটিউবার ধ্রুব রাঠী এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, পিনারাই বিজয়ন ও মানিক সরকারসহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে আটক করা হয়। এছাড়াও ১০ ও ১১ই অক্টোবর মিলিয়ে অন্তত তিন হাজার বিক্ষোভকারী এবং একাধিক সাংবাদিককে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, সেদিন অন্তত সাত হাজারেরও বেশি বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছিল।
পুলিশি ধরপাকড়ের সময় এবং হেফাজতে থাকাকালীন মারধরের অভিযোগ তুলেছেন অনেকে। এমনকি বিক্ষোভে অংশ নেওয়া আইনজীবীদের ওপরেও পুলিশি হেনস্তার অভিযোগ উঠেছে। এরপর ১২ই অক্টোবর সিজেপির পক্ষ থেকে সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অন্যান্যরা দিল্লি পুলিশের কাছে যন্তর মন্তরে বিক্ষোভে বসার জন্য একটি দিন স্থির করে দেওয়ার আবেদন জানিয়ে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল।

