দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের পরপরই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে পুলিশ আটক করেছে। যন্তর মন্তরে দলের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি শুরুর আগেই তাঁকে হেফাজতে নেওয়া হয়।
পুলিশ উড়োজাহাজের ভেতরে প্রবেশের সময় দিপকে ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার শুরু করেন। ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের ভেতর থেকেই অভিজিৎ দিপকে এবং সিজেপির সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পুলিশ আটক করছে। এ সময় উড়োজাহাজের ভেতরে হইচই ও উত্তেজনার সৃষ্টি হয়। সিজেপির সদস্যরা প্রশ্ন তোলেন, যাত্রীরা নেমে আসার আগেই কেন পুলিশ উড়োজাহাজে প্রবেশ করল।
ভিডিওতে অভিজিৎ দিপকেকে নারী পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে শোনা যায়, আপনারা আমাদের বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। তবে তিনি গ্রেপ্তারে ভয় পান না বলেও মন্তব্য করেন।
এদিকে, দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে সিজেপির আইনি বিষয়ক প্রধান রত্না সিংকেও পুলিশ আটক করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিজেপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়াও, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কাব্য কর্ণাটক, যিনি অনলাইনে ‘কেকে ক্রিয়েট’ নামে পরিচিত, তাঁকেও দিল্লির উপকণ্ঠ ধাউলা কউন এলাকা থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এএনআই।
মুম্বাই থেকে দিল্লি পৌঁছানোর আগে অভিজিৎ দিপকে সরকারের কড়া বিধিনিষেধ ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করার তীব্র সমালোচনা করেছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, বিক্ষোভ শুরুর আগেই মোদি পরাজয় মেনে নিয়েছেন। তাঁর ভাষায়, বিক্ষোভকারীদের বিরুদ্ধে এই ধরপাকড় ও দিল্লি অচল করে দেওয়ার পদক্ষেপ শক্তির নয়, বরং নিজের জনগণের প্রতি ভয় পাওয়া একজন শাসকের লক্ষণ।

