জাতিসংঘে কিউবার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানাল চীন

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে পরোক্ষভাবে কড়া অবস্থান তুলে ধরেছে চীন। শনিবার দেয়া ভাষণে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি কিউবার বিরুদ্ধে বলপ্রয়োগের হুমকি বন্ধ করার দাবি জানিয়ে দেশটিতে আরোপিত অবরোধ ও নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানান।

বক্তব্যে যুক্তরাষ্ট্রের নাম সরাসরি উল্লেখ না করলেও ওয়াশিংটনের সাম্প্রতিক পদক্ষেপের প্রেক্ষাপটেই এই বার্তা এসেছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি কিউবার ওপর চাপ বাড়িয়ে দেশটিতে জ্বালানি সরবরাহ সীমিত করার পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। এর ফলে কিউবার বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়ায় লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে। কিউবার অভিযোগ, দীর্ঘদিনের জ্বালানি সংকট ও পুরোনো অবকাঠামোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের অবরোধ দেশটির পরিস্থিতিকে অসহনীয় পর্যায়ে নিয়ে গেছে।

হান ঝেং পশ্চিম এশিয়া প্রসঙ্গে বলেন, উপসাগরীয় দেশসহ মধ্যপ্রাচ্যের সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখাতে হবে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বড় দেশগুলোর বিশেষ দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের উচিত আন্তর্জাতিক নিয়ম মেনে চলা, আইনের শাসন সমুন্নত রাখা এবং সঠিক কাজের ক্ষেত্রে নেতৃত্ব দেয়া। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের রেশ কাটতে না কাটতেই বেইজিংয়ের পক্ষ থেকে এমন কড়া বার্তা এল।