নেপাল সীমান্ত-সংলগ্ন জিরং স্থলবন্দরের কাছে চলমান উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত বুধবারের ভয়াবহ বন্যার পর ওই এলাকায় আবারও বড় ধরনের ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বুধবারের পাহাড়ি ঢল ও ভূমিধসের ফলে পার্বত্য অঞ্চলে একটি কৃত্রিম হ্রদ তৈরি হয়েছিল। গত ৪৮ ঘণ্টায় হ্রদটির পানির স্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় যেকোনো মুহূর্তে এটি ফেটে গিয়ে নতুন করে প্রাণঘাতী কাদা-পাথরের ধস কিংবা তীব্র পানির তোড় নেমে আসার আশঙ্কা দেখা দিয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি শুক্রবার সকালে জানায়, হ্রদটি উপচে অনবরত পানি পড়তে শুরু করেছে। পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে উঠেছে যে, উদ্ধারকারী দলগুলোর পক্ষে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত জিরং স্থলবন্দরের দিকে এগিয়ে যাওয়া আর সম্ভব নয়।
উদ্ধার অভিযানের সঙ্গে থাকা সিসিটিভির এক প্রতিবেদক জানান, সামনের সারির দলগুলোর কাছ থেকে জরুরি নির্দেশনা পাওয়ার পর উদ্ধারকারী দলগুলোকে জিরং বন্দরের দিকে আর না এগোতে বলা হয়েছে। বর্তমানে উদ্ধারকারী দলের সিংহভাগ সদস্য চীন-নেপাল সীমান্ত থেকে প্রায় ৪ দশমিক ৩৫ মাইল বা প্রায় ৭ কিলোমিটার দূরে অবস্থিত জিরং শহরের লাওজিয়াং গ্রামের প্রবেশমুখে অবস্থান করছেন। উল্লেখ্য, এই বিপর্যয়ে নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে।

