ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে পানামার পতাকাবাহী এমভি ওশান-উইনার নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক নিয়ে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করা জাহাজটিতে মোট ২৪ জন নাবিক ছিলেন। এর মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।
জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড জানিয়েছে, ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে জাহাজটি পারাদ্বীপ বন্দর ছাড়ে। ২২ আগস্ট শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পারে।
যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়ার পর জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানটি উদ্ধার ও অনুসন্ধান অভিযানে সহায়তার জন্য অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে।
অভিযানে কোস্ট গার্ডের ভারাদ ও অনমোল নামের দুটি জাহাজ এবং শ্রী বিজয়পুরম থেকে বিজিত নামের আরও একটি জাহাজ অংশ নিয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, এখন পর্যন্ত একটি লাইফ র্যাফট থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্য নাবিকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ওই এলাকায় চলাচলকারী অন্যান্য জাহাজকেও সতর্ক করা হয়েছে এবং তাদের উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ জানানো হয়েছে।

