ব্রাজিলের রিওতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জনের মৃত্যু

ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একজন পাইলট এবং একই পরিবারের তিন কলম্বিয়ান নারী রয়েছেন। শনিবার (৮ আগস্ট) রিও ডি জেনেইরোর বিখ্যাত পর্যটন এলাকা তিজুকা ন্যাশনাল পার্কের ওপর দিয়ে যাওয়ার সময় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

তিজুকা ন্যাশনাল পার্কের ভিস্তা চিনেজা এলাকার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। ঘন জঙ্গল ও পাহাড়ে ঘেরা এই এলাকাটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এখান থেকে রিও শহরের বিখ্যাত ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি ও উপকূলীয় এলাকার মনোরম দৃশ্য উপভোগ করা যায়। দুর্ঘটনার পর দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

রিও ডি জেনেইরোয় নিযুক্ত কলম্বিয়ার কনসাল জেনারেল দিয়ানা পায়েজ ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নিহত তিন নারী একই পরিবারের সদস্য ছিলেন। তারা মূলত পরিবারের একজনের জন্মদিন উদযাপন করতে রিওতে বেড়াতে এসেছিলেন। ছয় সদস্যের ওই পরিবারটি দুই দলে বিভক্ত হয়ে হেলিকপ্টারে চড়েছিল, কারণ হেলিকপ্টারটিতে একসঙ্গে তিনজনের বেশি যাত্রী নেওয়ার সুযোগ ছিল না। মর্মান্তিক এই দুর্ঘটনায় মেয়েটির দাদি, খালা ও এক কাজিন নিহত হন।

এই দুর্ঘটনার পর রিও ডি জেনেইরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরে শহরে হেলিকপ্টার পর্যটন ফ্লাইটের ওপর নজরদারি আরও জোরদার করার তাগিদ দিয়েছেন। নতুন নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তত এক বা দুই সপ্তাহের জন্য এই ধরনের পর্যটন ফ্লাইট বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মেয়র বলেন, তিনি ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির (এএনসি) সঙ্গে যোগাযোগ করেছেন এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।