ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশ ক্রোয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে বসনিয়া ও হার্জেগোভিনার সীমান্ত পুলিশের হাতে আটক হয়েছেন বাংলাদেশসহ তিনটি দেশের প্রায় ১০০ অভিবাসনপ্রত্যাশী। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকার সীমান্ত পয়েন্টে দুটি আলাদা অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। গত বুধবারের এই অভিযানের খবরটি আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
সীমান্ত পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক হওয়া এই অভিবাসনপ্রত্যাশীদের একটি বড় অংশই বাংলাদেশের নাগরিক। প্রথম অভিযানে একটি দল থেকে মোট ৬৩ জনকে আটক করা হয়, যার মধ্যে ২৩ জন বাংলাদেশি এবং বাকি ৪০ জন পাকিস্তানের নাগরিক। এর পরপরই একই এলাকা থেকে দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে পুলিশ। সেখান থেকে আরও ৩৩ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়। এই দ্বিতীয় দলটিতে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকেরা রয়েছেন। তবে এই দলে ঠিক কতজন বাংলাদেশি ছিলেন, তা সুনির্দিষ্টভাবে জানায়নি পুলিশ।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা সীমান্ত দিয়ে বয়ে যাওয়া সাভা নদী পার হওয়ার জন্য দুটি নৌকা ব্যবহারের প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযান চলাকালে সেই নৌকা দুটি জব্দ করা হয়। এই অবৈধ পারাপার ও মানব পাচারচেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সন্দেহভাজন পাচারকারীকে শনাক্ত করেছে সীমান্ত পুলিশ।
ইউরোপে প্রবেশের জন্য অবৈধ অভিবাসীরা দীর্ঘদিন ধরে বলকান পথ ব্যবহার করে আসছেন। ভৌগোলিক অবস্থানের কারণে বসনিয়া এই পথের অন্যতম প্রধান ট্রানজিট হিসেবে ব্যবহৃত হয়। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থা ফ্রন্ট্যাক্সের সাম্প্রতিক তথ্য অনুসারে, চলতি বছরের প্রথম সাত মাসে এই বলকান পথ ব্যবহার করে ৪ হাজার ৯০০-এর বেশি অবৈধ সীমান্ত পারাপার নথিভুক্ত করা হয়েছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় এই পথে অবৈধ পারাপারের হার ২৬ শতাংশ কমেছে।

