বেলজিয়ামে তীব্র তাপপ্রবাহে ১৫ দিনে প্রাণ হারালেন দুই হাজার মানুষ

ইউরোপের দেশ বেলজিয়ামে তীব্র তাপপ্রবাহের কবলে পড়ে গত ১৫ দিনে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশটির জনস্বাস্থ্য ইনস্টিটিউট ‘সিয়েনসানো’র দেওয়া তথ্য অনুযায়ী, মাত্রাতিরিক্ত তাপমাত্রা এবং বাতাসে ওজনের উচ্চ ঘনত্বের কারণে দেশটিতে মৃত্যুহার স্বাভাবিকের চেয়ে প্রায় ৪৮ শতাংশ বেড়ে গেছে। গত জুন মাসের মাঝামাঝি থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত সময়কালকে ২০০০ সালের পর বেলজিয়ামের ইতিহাসে সবচেয়ে মারাত্মক ও প্রাণঘাতী তাপপ্রবাহ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সিয়েনসানো এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, গত ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত এই ১৫ দিনের ব্যবধানে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী, সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়াতে। এর পরেই দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে রাজধানী ব্রাসেলস এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ ফ্ল্যান্ডার্স।

সিয়েনসানোর বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০০০ সাল থেকে সংস্থাটি তাপপ্রবাহজনিত মৃত্যুর রেকর্ড সংরক্ষণ করে আসছে। সেই রেকর্ডের তথ্য অনুযায়ী, এই বছরই প্রথম তাপপ্রবাহের কারণে সৃষ্ট হিটস্ট্রোক ও শারীরিক জটিলতায় বেলজিয়ামে এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হলো।