বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে দুই দেশের সরকার প্রধানের মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ফোনালাপে অংশ নেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক বার্তার মাধ্যমে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফোনালাপে বিশেষ গুরুত্ব পেয়েছে দুই দেশের জ্বালানি ও বিনিয়োগ খাতের পারস্পরিক সহযোগিতা। বর্তমানে বাংলাদেশে চলমান গ্যাস সংকটের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান জরুরি ভিত্তিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহের জন্য মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাস-এর সহযোগিতা চেয়েছেন।
বিনিয়োগের প্রসারে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বের বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। এর মধ্যে টেলিকমিউনিকেশন খাতের অন্যতম বড় প্রতিষ্ঠান ‘আক্সিয়াটা’-এর চলমান বিনিয়োগের অগ্রগতি এবং ‘এমএমসি পোর্ট’-এর সাথে সম্ভাব্য কৌশলগত সহযোগিতার বিষয়গুলো নিয়ে দুই নেতা মতবিনিময় করেছেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ সময় জানান, পারস্পরিক শ্রদ্ধা, বাস্তবভিত্তিক সহযোগিতা এবং দুই দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করার নীতির ওপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

