বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর বহরে অতর্কিত হামলা, নিহত ৪৫

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুঙের কাছে দেশটির নিরাপত্তা বাহিনীর একটি বহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। বেলুচিস্তানভিত্তিক সংবাদমাধ্যম বেলুচিস্তান পোস্টের তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ৪৫ জন সেনা সদস্য নিহত হয়েছেন। যদিও পাকিস্তান সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে, তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা প্রকাশ করেনি।

বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। সংগঠনের মুখপাত্র জিয়ান্দ বেলুচ এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের যোদ্ধারা নিরাপত্তা বাহিনীর বহর ও এসকর্ট লক্ষ্য করে এই আক্রমণ চালায়। এছাড়া হামলার পর ঘটনাস্থলে পৌঁছানো অতিরিক্ত সেনাসদস্যদের ওপরও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে বিএলএ। জিয়ান্দ বেলুচ আরও জানান, সংগঠনের ‘ফাতেহ স্কোয়াড’ এই সমন্বিত অভিযান পরিচালনা করেছে। বিবৃতি প্রকাশের সময় পর্যন্ত সংঘর্ষ চলমান ছিল এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে জিয়ারত জেলার মাঙ্গি ড্যাম এলাকায় ২৭ জন পুলিশ সদস্য এবং লাসবেলা জেলায় ১১ জন সেনা নিহত হওয়ার পর পাকিস্তান সেনাবাহিনী ‘অপারেশন শাবান’ শুরু করে। পাক সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কর্পস ও বেলুচিস্তান পুলিশের যৌথ এই অভিযানে গোয়েন্দা সংস্থা ও বিমান সহায়তাও যুক্ত রয়েছে। পাক বাহিনীর দাবি, এই অভিযানে এখন পর্যন্ত শতাধিক বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। এ বিষয়ে সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলার জন্য দায়ীদের খুঁজে বের করা হবে এবং সেনাবাহিনীর জবাব হবে কঠোর।

দীর্ঘদিন ধরেই রাজনৈতিক স্বায়ত্তশাসন ও প্রাকৃতিক সম্পদের ন্যায্য হিস্যার দাবিকে কেন্দ্র করে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গওয়াদর সমুদ্রবন্দরের কারণে প্রদেশটি পাকিস্তানের অর্থনৈতিক পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকলেও এটি দেশের অন্যতম বড় নিরাপত্তা চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এই পরিস্থিতি পর্যালোচনায় পাকিস্তান সরকার চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে, যারা নিরাপত্তা ব্যবস্থা ও সমন্বয়ের ঘাটতি খতিয়ে দেখবে।

চলতি মাসের ৬ থেকে ৯ জুলাইয়ের মধ্যে বেলুচিস্তানে তিনটি বড় হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৮ জুলাই লাসবেলা জেলায় সেনাবাহিনীর বহরে হামলায় ১১ জন সেনা নিহত হওয়ার দায় বিএলএ স্বীকার করলেও, তারা ১৭ জন সেনাকে হত্যার দাবি করেছিল। এছাড়া টিটিপির হামলায় ১৮ জন পুলিশ সদস্য অপহৃত ও পরবর্তীতে নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএলএ কর্তৃক বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা এবং ৮৫ শতাংশ অঞ্চল দখলের খবর ছড়িয়ে পড়লেও এর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।