মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ায় ঢোকার পথে ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধভাবে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় ঢোকার সময় আটজন বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। গত সোমবার ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশের দুমাই শহরের পশ্চিম দুমাই জেলার পুরনামা এলাকার পানতাই পুরনামা উপকূলে পৌঁছালে তাঁদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে আটজন বাংলাদেশের এবং বাকি আটজন ইন্দোনেশিয়ার নাগরিক।

দুমাই নৌঘাঁটির প্রধান কর্নেল আগুং এন কুসুমাঝি জানান, গত রোববার সন্ধ্যায় পানতাই মুতিয়ারা উপকূলের একটি অবৈধ ঘাট ব্যবহার করে এই দলটি ইন্দোনেশিয়ায় প্রবেশ করতে পারে বলে একটি গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতেই নৌবাহিনীর বিশেষ দলগুলোকে পানতাই পুরনামার জলসীমা ও উপকূলীয় এলাকায় নজরদারি, পথরোধ ও তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়। অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার জন্য ওই অভিবাসীরা দুই ইঞ্জিনের একটি স্পিডবোট ব্যবহার করেছিলেন।

এই বিশেষ অভিযানের নেতৃত্ব দেন নৌঘাঁটির গোয়েন্দা ইউনিটের প্রধান ক্যাপ্টেন ওয়াহইউ উইদি বিদায়াত। পুরো অভিযানটি পরিচালনার জন্য নৌবাহিনীর সদস্যদের তিনটি দলে ভাগ করা হয়েছিল। সুঙ্গাই দুমাই মেরিটাইম পটেনশিয়াল পোস্ট থেকে রওনা হয়ে নৌঘাঁটির ‘কুইক রেসপন্স টিম’ ছাড়াও নৌবাহিনীর কয়েকটি বিশেষ ইউনিট এই অভিযানে অংশ নেয়। এর মধ্যে ১ নম্বর আঞ্চলিক নৌ কমান্ডের (কোদায়েরাল-১/বেলাওয়ান) সমুদ্র গোয়েন্দা ইউনিট ‘ইনটেলমার’ এবং ১ নম্বর নৌবহর কমান্ডের (কোয়ারমাদা-১) ইনটেলমার অপারেশনস টাস্কফোর্স অন্যতম ছিল।