হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৯৯

দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় বরিশাল ও সিলেট বিভাগে একজন করে মোট দুই শিশু মারা গেছে। একই সময়ে সারাদেশে নতুন করে ৭৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সারাদেশে ১০০ জনের মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৮৯৯ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৯৯৯ জনের প্রাণহানি হলো। বিভাগওয়ারি হিসেবে হামে সবচেয়ে বেশি ৬৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, এর পরেই রয়েছে বরিশাল বিভাগ যেখানে ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪০৩ জন মারা গেছে ঢাকা বিভাগে এবং সিলেট বিভাগে ১৫৬ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫৭ শিশু চিকিৎসা নিতে এসেছে। এদের মধ্যে ১ হাজার ৮৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৫৯ জনে। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৪০ হাজার ৮৫০ শিশু। দেশে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৪৬১ এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৮৩৫ জনের।