শিশুদের আরওপি-জনিত অন্ধত্ব রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান

অপরিণত নবজাতকদের দৃষ্টিশক্তি রক্ষায় 'রেটিনোপ্যাথি অব প্রিম্যাচিউরিটি' বা আরওপি সম্পর্কে অভিভাবক ও স্বাস্থ্যসেবা কর্মীদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে অরবিস ইন্টারন্যাশনাল আয়োজিত “বৈজ্ঞানিক সেমিনার: আরওপি পরীক্ষা ও ব্যবস্থাপনা” শীর্ষক অনুষ্ঠানে এ বিষয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি ও বাংলাদেশ নিওনেটাল ফোরামের সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে নবজাতক বিশেষজ্ঞ ও চক্ষু চিকিৎসকরা অংশ নেন।

সেমিনারে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির প্রখ্যাত নবজাতক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান জানান, ৩৫ সপ্তাহের কম গর্ভাবস্থায় জন্ম নেওয়া এবং দুই কেজির কম ওজনের শিশুদের আরওপি-তে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। তিনি বলেন, জন্মের ২০ থেকে ৩০ দিনের মধ্যে স্ক্রিনিং না করালে এবং সময়মতো ব্যবস্থা না নিলে এসব শিশু স্থায়ীভাবে অন্ধত্বের শিকার হতে পারে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় ৬ লাখ শিশু অপরিণত অবস্থায় জন্ম নেয়, যার মধ্যে স্ক্রিনিং করা শিশুদের ২০ থেকে ৩০ শতাংশের ক্ষেত্রে আরওপি শনাক্ত হয়।

অপরিণত শিশুদের বেঁচে থাকার হার বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগের প্রকোপও বাড়ছে বলে জানান আরওপি ও রেটিনা বিশেষজ্ঞ ডা. তারিক রেজা আলী। তিনি আরওপি মোকাবিলায় এনআইসিইউ-তে কর্মরত চিকিৎসক ও নার্সদের পাশাপাশি অভিভাবকদের সচেতন করার ওপর জোর দেন। অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ বলেন, নবজাতকদের দৃষ্টিশক্তি হারানোর মতো বিপর্যয় রোধে চক্ষু বিশেষজ্ঞ, নিওনাটোলজিস্ট এবং অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল কলেজের নিওনাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. খালেদ নূর, বাংলাদেশ নিওনেটাল ফোরামের নবনির্বাচিত সভাপতি ডা. বেগম শরিফুন নাহার এবং বিআরবি হাসপাতালের নবজাতক বিশেষজ্ঞ ডা. নাজমুন নাহার। বক্তারা অপরিণত নবজাতকদের সঠিক সময়ে স্ক্রিনিং নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর ভূমিকা ও অভিভাবকদের সঠিক পরামর্শ দেওয়ার আহ্বান জানান।