জাতীয় ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে নতুন ২০০ শয্যা

ক্যানসার রোগীদের চিকিৎসাসেবা আরও সম্প্রসারণের লক্ষ্যে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি এ বিশেষায়িত হাসপাতালটির শয্যা সংখ্যা বর্তমানে ৫শ রয়েছে, যা বাড়িয়ে ৭শতে উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটিতে নতুন করে আরও ২শ শয্যা যুক্ত হতে যাচ্ছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে বুধবার (১৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে হাসপাতালের শয্যা বৃদ্ধির পাশাপাশি বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে এবং সংশ্লিষ্ট সব বিধি-বিধান ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তেই এই প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়েছে। বর্ধিত শয্যায় চিকিৎসাসেবা চালুর ক্ষেত্রেও সকল আনুষ্ঠানিকতা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল দেশের ক্যানসার রোগীদের চিকিৎসায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।