চিকিৎসার লাগামহীন খরচে নিঃস্ব পরিবার, বাড়ছে ঋণ ও অনিশ্চয়তা

সাত বছরের ইরফানের হাতে থাকার কথা রংপেনসিল, কিন্তু তার চোখে এখন রঙিন শৈশবের স্বপ্নের বদলে ক্যানসারের যন্ত্রণা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগে চিকিৎসাধীন এই শিশুর হাতে এখন ক্যানুলা। নেত্রকোনার দুর্গাপুরের এই দরিদ্র পরিবারটি সন্তানের জীবন বাঁচাতে গিয়ে আজ নিঃস্ব। ইরফানের পরিবহনশ্রমিক বাবা জানান, গত এক বছরে সন্তানের চিকিৎসায় ১৫ লাখ টাকার বেশি খরচ হয়েছে। প্রতি মাসে কেমোথেরাপি ও ওষুধ বাবদ গড়ে ৫০ হাজার টাকা ব্যয় হয়। এছাড়া ডোনার না পেলে রক্ত কেনা বাবদ প্রায় ২০ হাজার টাকা এবং মলিকিউলার রেসিডুয়াল ডিজিজ (এমআরডি) পরীক্ষায় ১৮ হাজার টাকার বেশি খরচ করতে হয়।

একই রকম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন সাবেক নির্মাণশ্রমিক ইমারুল। দুই কিডনি বিকল হওয়ায় গত ১০ বছর ধরে ডায়ালিসিসের ওপর নির্ভর করে বেঁচে আছেন তিনি। ঢাকার একটি কিডনি হাসপাতালে সপ্তাহে দুবার ডায়ালিসিস করতে হয় তাকে। ইমারুল জানান, এ পর্যন্ত চিকিৎসার পেছনে প্রায় ৩০ লাখ টাকা খরচ হয়েছে। হাতের সঞ্চয় শেষ হওয়ার পর তিনি জমিজমা ও বসতভিটা বিক্রি করেছেন। এখন সমিতির ঋণসহ পুরো পরিবার দেনার ভারে জর্জরিত। মানুষের সহায়তায় চিকিৎসা চললেও প্রতি সপ্তাহে ওষুধ ও যাতায়াত বাবদ প্রায় ২০ হাজার টাকা প্রয়োজন হয়। অর্থের অভাবে প্রায়ই ডায়ালিসিস কিংবা ওষুধ কেনা সম্ভব হয় না তার পক্ষে।

ইরফান ও ইমারুলের মতো অসংখ্য রোগী ক্যানসার, কিডনি রোগ, হৃদরোগ, লিভার সিরোসিস, স্ট্রোক, ডায়াবেটিস ও থ্যালাসেমিয়ার মতো জটিল ব্যাধির সঙ্গে লড়ছেন। চিকিৎসার এই লাগামহীন ব্যয় মেটাতে গিয়ে পরিবারগুলো সঞ্চয় হারাচ্ছে, জমিজমা বিক্রি করছে এবং ঋণগ্রস্ত হচ্ছে। গবেষণায় দেখা গেছে, চিকিৎসার ব্যয় মেটাতে প্রতি বছর প্রায় ৬১ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। দেশের মোট স্বাস্থ্যব্যয়ের প্রায় ৭৯ শতাংশই বহন করেন রোগী ও তাদের পরিবার। অর্থাৎ, চিকিৎসায় প্রতি ১০০ টাকার মধ্যে ৭৯ টাকা আসে রোগীর পকেট থেকে। বর্তমানে একটি পরিবারের গড় মাসিক চিকিৎসাব্যয় ৩,৪৫৪ টাকা, যা মোট মাসিক ব্যয়ের প্রায় ১১ শতাংশ।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) গবেষণা অনুযায়ী, দেশের ২২ শতাংশ মানুষের প্রতি মাসে চিকিৎসাসেবা প্রয়োজন হলেও তাদের ৬৫ শতাংশই চিকিৎসার বাইরে থাকেন। গ্রামে এ হার ৬৮ শতাংশ এবং শহরে ৫৯ শতাংশ। পরিবারপ্রতি মাসিক চিকিৎসাব্যয় শহরে গড়ে ৪,১৯২ টাকা এবং গ্রামে ৩,১০৯ টাকা। গবেষণায় আরও দেখা গেছে, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকের ফি বাবদই ব্যয় হয় সবচেয়ে বেশি। সরকারি হাসপাতালে ভর্তি হয়ে একটি পরিবারের বছরে গড় ব্যয় ৪২ হাজার ৪৮৩ টাকা। এর মধ্যে সার্জারিতে গড়ে ২৬ হাজার ১৪২, ওষুধে ১১ হাজার ২৮৭ এবং শয্যা ভাড়ায় ১০ হাজার ৭৪৩ টাকা ব্যয় হয়।

সবচেয়ে ধনী শ্রেণির মানুষ আয়ের প্রায় ৫ শতাংশ চিকিৎসায় ব্যয় করলেও দরিদ্র পরিবারের ক্ষেত্রে তা ৩৫ শতাংশ। ক্যানসার চিকিৎসায় গড় ব্যয় দুই লাখ ২৪ হাজার টাকা, যা সর্বোচ্চ আট লাখ ৪৮ হাজার টাকা পর্যন্ত হতে পারে। হৃদরোগের চিকিৎসায় ব্যয় প্রায় এক লাখ টাকা। সরকারি স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা, দক্ষ জনবলের ঘাটতি, ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার ব্যয় এবং অব্যবস্থাপনা চিকিৎসার খরচ আরও বাড়িয়ে দিচ্ছে। সরকারি হাসপাতালে গিয়েও অনেক রোগীকে বাইরে থেকে ওষুধ কিনতে ও পরীক্ষা করাতে হয়। দীর্ঘমেয়াদি রোগে নিয়মিত ওষুধ ও পরীক্ষা চালিয়ে যেতে হয় বছরের পর বছর। স্বাস্থ্যবীমা ও আর্থিক সুরক্ষার সীমিত সুযোগের কারণে পরিবারগুলোকে সঞ্চয় ভাঙতে কিংবা ঋণ করতে হচ্ছে।

উপজেলা ও জেলা পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় রাজধানীতে চাপ বাড়ছে। জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে শয্যা ও রেডিওথেরাপি মেশিনের স্বল্পতার কারণে অনেক রোগীকে চিকিৎসার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে। ভুক্তভোগীদের দাবি, রেডিওথেরাপির সিরিয়াল পেতে আট থেকে দশ মাসও লেগে যায়। সরকারি হাসপাতালে একটি রেডিওথেরাপি কোর্সে খরচ হয় ১২ থেকে ১৫ হাজার টাকা; বেসরকারি হাসপাতালে একই চিকিৎসায় ব্যয় প্রায় এক থেকে দেড় লাখ টাকা।

ময়মনসিংহের ত্রিশালের রিনা আক্তার ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। সাতটি কেমোথেরাপি নেওয়ার পর প্রতিটি থেরাপিতে সব মিলিয়ে খরচ হয়েছে ৩০ হাজার টাকা, মাসে ওষুধ লাগে ২০ হাজার টাকার। রোগ শনাক্ত করতে বিভিন্ন হাসপাতালে ঘুরে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসায় ব্যয় হয়েছে ছয় থেকে সাত লাখ টাকা। চিকিৎসার খরচ জোগাতে তার কৃষক পরিবারের পাঁচটি গরু, গয়না ও জমিজমা বিক্রি করেছেন তারা। এখন ধারদেনা করে রেডিওথেরাপি চলছে। চিকিৎসার খরচ জোগাতে দুই সন্তানের পড়াশোনাও বন্ধ হয়ে গেছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসা নেওয়া ইলেকট্রিশিয়ান আলিম হোসেন জানান, ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর তার দুটি রিং পরাতে ছয় থেকে সাত লাখ টাকা খরচ হয়েছে। জমানো টাকা ও স্ত্রীর গয়না বিক্রি করে চিকিৎসার অর্থ জোগাড় করেন। এখন ভারী কাজ করতে পারেন না। নিজের ডায়াবেটিসের পাশাপাশি মা-বাবাসহ পরিবারের তিনজনের চিকিৎসায় মাসে ২০ হাজার টাকার বেশি ব্যয় হয়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসার ব্যয় কমাতে সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও মানসম্মত সেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবীমা ও সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো জরুরি। বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন বলেন, চিকিৎসার বড় অংশের ব্যয় রোগীকে নিজের পকেট থেকে বহন করতে হয়। বিশেষ করে ক্যানসারের চিকিৎসা বহু পরিবারকে ঋণগ্রস্ত ও নিঃস্ব করে ফেলছে। এ পরিস্থিতি বদলাতে ধাপে ধাপে সামাজিক স্বাস্থ্যবীমা, সরকারিভাবে অর্থায়িত অত্যাবশ্যক স্বাস্থ্যসেবা প্যাকেজ এবং দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য জাতীয় স্বাস্থ্য সুরক্ষা তহবিল চালু করা প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের সময়ে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সাবেক সদস্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. লিয়াকত আলী বলেন, জনসংখ্যার তুলনায় চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীর ঘাটতি রয়েছে। স্বাস্থ্যসেবা শহরকেন্দ্রিক হওয়ায় দেশের অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। অর্থের অভাবে কেউ যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হোন, সে ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও রোগ শনাক্তকরণ জোরদার করতে হবে।