সারা দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, এই সময়ের মধ্যে নতুন করে ১ হাজার ২৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে প্রাণ হারানো ৫ শিশুর মধ্যে ২ জন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে একজন করে মোট ৩ শিশুর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে সারা দেশে মোট ৮৯০ শিশুর প্রাণহানি হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৯১ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে দেখা গেছে, নতুন করে ৭৪ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে এবং আরও ৯৫১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৪০ হাজার ৭৬ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, যার মধ্যে ১৭ হাজার ৫৪৩ জনের হাম শনাক্ত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ১ লাখ ২১ হাজার ৯০৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

