রাজধানীসহ সারাদেশজুড়ে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪টি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১ জন শিশুর মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
রবিবার (১৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়। অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ১১৩ জন শিশুর শরীরে সরাসরি হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৯৩৮ জন শিশু চিকিৎসা গ্রহণ করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ জুলাই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৫ জন। অর্থাৎ, এই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ মিলিয়ে মোট ৭৮৮ জন শিশুর মৃত্যু হয়েছে।
দেশে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৪৮ জনে। এদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ১৪ হাজার ৪৩১ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১৩৭ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৬ হাজার ৫২১ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

