হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১২১ জন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া এই তিন শিশুর একজন সিলেট, একজন রংপুর এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে ১২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

চলতি বছরের ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৬ জনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত করা গেছে, আর বাকিরা হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭৫১ জন রোগী হাসপাতালে এসেছেন, যাদের মধ্যে ৬৮৭ জনকে ভর্তি করা হয়েছে। বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২৩৯ জন ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২০৭ জন, বরিশাল বিভাগে ৮১ জন এবং সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৭৭ জন ভর্তি হয়েছেন। রংপুর বিভাগে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৬ জন।

বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়া রোগীর মোট সংখ্যা ১ লাখ ১১ হাজার ৬৭৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৬ হাজার ১৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে নিশ্চিত হওয়া গেছে।