কালিহাতীতে আনসার ব্যাটালিয়নের ফ্রি মেডিকেল ক্যাম্প চালু

টাঙ্গাইলের কালিহাতী এলাকায় স্থানীয় সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষায় এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে টাঙ্গাইল আনসার ব্যাটালিয়ন (০৮ এবিএন) সদরের প্রধান ফটকের সামনে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মূলত অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেই এই সেবামূলক কার্যক্রম শুরু করেছে বাহিনীটি।

টাঙ্গাইল আনসার ব্যাটালিয়নের পরিচালক মুনমুন সুলতানার দিকনির্দেশনায় পরিচালিত এই ক্যাম্পে আসা সাধারণ মানুষকে বিনামূল্যে ওজন ও রক্তচাপ পরীক্ষা, ডায়াবেটিস নির্ণয়, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যাটালিয়ন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতি শুক্রবার সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী ভাবনায় আনসার ব্যাটালিয়ন গঠিত হয়েছিল। সময়ের ব্যবধানে বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাহিনীটি দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কাজে যুক্ত হয়েছে। বর্তমানে ২টি নারী ব্যাটালিয়ন এবং ১টি বিশেষায়িত ব্যাটালিয়নসহ দেশজুড়ে মোট ৪৭টি আনসার ব্যাটালিয়ন সার্বক্ষণিক নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

এই জনকল্যাণমুখী উদ্যোগের ফলে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষ বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জননিরাপত্তা ও সামাজিক নিরাপত্তার এই মেলবন্ধন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রাথমিক চিকিৎসাসেবা পাওয়া আরও সহজ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।