প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র ফিজিতে মরণব্যাধি এইডস ও এইচআইভি সংক্রমণের হার ভয়াবহ আকার ধারণ করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে জাতীয় এইচআইভি জরুরি অবস্থা ঘোষণা করেছে। সরকারি তথ্য অনুযায়ী, ফিজির প্রতি ৬০ জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন বর্তমানে এইচআইভি নিয়ে বসবাস করছেন, যেখানে পাঁচ বছর আগে এই অনুপাত ছিল প্রতি ১৬৭ জনে একজন। এছাড়া প্রতি ৫০ জন অন্তঃসত্ত্বা নারীর মধ্যে একজন এই ভাইরাসে আক্রান্ত বলে জানা গেছে।
ফিজির স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক মন্ত্রী ড. রাতু আন্তোনিও লালাবালাভু সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে এই সংকটকে সরাসরি ‘মহামারি’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি জানান, ৯ই সেপ্টেম্বর মন্ত্রিসভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, যা পরিস্থিতি মোকাবিলায় একটি সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তাকে তুলে ধরে। মন্ত্রী আরও উল্লেখ করেন যে, ২০২৫ সালে দেশটিতে নতুন করে ২ হাজার ৬০টি এইচআইভি সংক্রমণ শনাক্ত হয়েছে।
জাতিসংঘের এইডসবিষয়ক সংস্থা ইউএনএইডসের তথ্যমতে, ১০ লাখের কম জনসংখ্যার এই দেশটিতে এইচআইভি সংক্রমণের হার বিশ্বের সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে। ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটিতে নতুন সংক্রমণের হার ১২ গুণ বৃদ্ধি পেয়েছে। মাদক পাচারের কেন্দ্র হিসেবে ফিজির অবস্থান এবং মেথামফেটামিনের ক্রমবর্ধমান ব্যবহার এই বিস্তারে বড় ভূমিকা রাখছে। অনিরাপদ উপায়ে মাদক গ্রহণ, পরিষ্কার সুচের অভাব, স্বাস্থ্য সচেতনতার ঘাটতি এবং সামাজিক কুসংস্কারের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
ইউএনএইডসের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে ফিজিতে প্রায় ৯ হাজার ১০০ মানুষ এইচআইভি নিয়ে বসবাস করছিলেন। এর মধ্যে মাত্র ৩৯ শতাংশ মানুষ তাদের রোগ সম্পর্কে সচেতন এবং মাত্র ২২ শতাংশ অ্যান্টিরেট্রোভাইরাল চিকিৎসা গ্রহণ করছেন। ইউএনএইডসের নির্বাহী পরিচালক উইনি বিয়ানইমা এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, ফিজি বর্তমান জরুরি প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে এবং তাদের কার্যক্রম জোরদার করছে। সরকারের পক্ষ থেকে সুচ ও সিরিঞ্জ সরবরাহ কর্মসূচি চালুর পরিকল্পনা করা হচ্ছে, যার জন্য প্রয়োজনীয় আইন সংশোধনের প্রস্তাবও পার্লামেন্টে তোলা হতে পারে।

