খুলনার কয়রা উপজেলার বামিয়া শ্রীফলতলার বাসিন্দা হারুন সানার স্ত্রী দুলিপা পারভীন ও তার শিশু সন্তান হোসাইন দীর্ঘদিন ধরে অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত ছিলেন। আর্থিক সংকটে পুষ্টিকর খাবার ও নিয়মিত চিকিৎসার অভাবে তাদের শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছিল। এই অসহায়ত্বের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে মা ও শিশুর চিকিৎসার যাবতীয় দায়িত্ব গ্রহণের নির্দেশ দেন।
ডা. জুবাইদা রহমান খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত জেডআরএফের প্রোগ্রাম পরিচালক অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর সঙ্গে আলোচনা করে চিকিৎসার কার্যক্রম শুরু করতে বলেন।
এস এম মনিরুল হাসান বাপ্পী জানান, শনিবার রাতে বিষয়টি জানার পরপরই তিনি প্রতিনিধি পাঠিয়ে তথ্য সংগ্রহ করেন। এরপর ২০ সেপ্টেম্বর সকাল থেকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জায়গীর মহল হাসপাতালে মা ও শিশুকে ভর্তি করা হয়। জেডআরএফের সদস্য ডা. এম আর হাসান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রেজাউল করিম রাজিবের তত্ত্বাবধানে ২০ সেপ্টেম্বর দুপুর থেকে তাদের চিকিৎসা শুরু হয়েছে। মা ও শিশুর দ্রুত আরোগ্যের জন্য একটি মেডিকেল বোর্ড গঠনসহ প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
হাসপাতালের ডা. রেজাউল করিম রাজিব জানান, দুলিপা পারভীন পুষ্টিহীনতায় দুর্বল ছিলেন এবং তার যৌনাঙ্গের বাইরে একটি ফোড়া হয়েছিল, যা বর্তমানে শুকিয়ে আসছে। তাকে মাল্টিভিটামিন স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। অন্যদিকে, শিশু হোসাইনের ১২ দিন আগে চিকেন পক্স হওয়ার পর ত্বকে সাদা দাগ দেখা দিয়েছে, যা সময়ের সাথে ঠিক হয়ে যাবে। তার পুষ্টির জন্য হাসপাতাল থেকে ঋ-৭৫ নামক বিশেষ দুধ সরবরাহ করা হচ্ছে। বর্তমানে মা ও শিশু উভয়ই স্বাভাবিক অবস্থায় আছেন।
জেডআরএফ সদস্য ডা. এম আর হাসান জানান, ভিডিওটি নজরে আসার পর ডা. জুবাইদা রহমান দ্রুত সহযোগিতার উদ্যোগ নেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন। পরিবারের সদস্যরাও এই সহায়তায় নতুন করে বাঁচার আশা দেখছেন এবং দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা করছেন।

