নারীর স্বাস্থ্য সুরক্ষায় জরায়ু অপসারণের বিকল্প চিকিৎসার ওপর গুরুত্ব

সুস্থ সমাজ বিনির্মাণে নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। বুধবার (২২ জুলাই) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস) আয়োজিত 'নারীর মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষা' শীর্ষক এক সেমিনারে বক্তারা এই গুরুত্বারোপ করেন।

সেমিনারে চিকিৎসকরা জানান, বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে কমবয়সী নারী রোগীদের জরায়ুতে ফেব্রোয়েড, সিস্ট বা টিউমার দেখা দিলে জরায়ু অপসারণ না করেই উন্নত চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শেখ নাজমুল হুদা। তিনি তার বক্তব্যে সিজারিয়ান সেকশনের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো তুলে ধরার পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতে রাজনৈতিক প্রভাবের প্রভাব নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।

অনুষ্ঠানে নারীর স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডা. ইয়াসমিন জাহান শাহীন জরায়ু সংক্রান্ত জটিলতা, অগ্রযাত্রা নারী ফোরামের আহ্বায়ক জাকিয়া শিশির নারীর মানসিক স্বাস্থ্য এবং ফার্মাসিস্ট ও গবেষক সামিন ফারদীন সৌমিক অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয়জনিত সমস্যা নিয়ে আলোচনা করেন।

বানাসাস সভাপতি নাসিমা আক্তার সোমার সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কল্যাণ সম্পাদক শাহজাহান স্বপন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এবং ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান।