রাশিয়ার গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত ১ বাংলাদেশি

রাশিয়ার আমুর অঞ্চলে অবস্থিত ‘আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে’ (এজিসিসি) ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার মস্কোতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

দূতাবাস ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে অবস্থিত ওই গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সটি চীনা প্রতিষ্ঠান সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছিল। কমপ্লেক্সটিতে পাইপলাইনের স্থায়িত্ব পরীক্ষা (টেস্টিং) করার সময় হঠাৎ পাইপ ফেটে আগুন ধরে যায়। একপর্যায়ে পাইপলাইনের চেক ভালভ পুড়ে গিয়ে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত বাংলাদেশির নাম জাকির হোসেন, যার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় রাশিয়ায় পাড়ি জমানো জাকিরের এই অকাল মৃত্যুতে তার স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনায় জাকির হোসেনের মৃত্যুর পাশাপাশি আরও সাতজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে এই ঘটনায় মোট ১৫ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। দুর্ঘটনার পর থেকেই রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। হতাহত বাংলাদেশি নাগরিকদের পরিচয় শনাক্তকরণ, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং নিখোঁজদের উদ্ধারে দূতাবাস প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে বলে জানানো হয়েছে।