বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন সমুদ্র উপকূল। আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। এই পরিস্থিতিতে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি উপকূলীয় এলাকায় এই লঘুচাপটি তৈরি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের প্রভাবে সমুদ্রের পরিস্থিতি আরও উত্তাল হতে পারে।
উদ্ভূত পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। মৎস্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া বেশ কিছু ট্রলার এখনো উপকূলে ফিরে আসেনি। আবহাওয়ার আরও অবনতি ঘটলে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফেরার প্রস্তুতি রয়েছে তাদের।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং একই সঙ্গে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে।

