রংপুরে শিশুদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ সুরক্ষায় সিসা দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে সচেতনতামূলক পদযাত্রা ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আন্তর্জাতিক সংস্থা পিওর আর্থ-এর সহযোগিতায় এবং ইয়ুথনেট গ্লোবালের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। ‘সিসা দূষণ বন্ধ করি, সুস্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নগরীর চন্দ্রার মোড় থেকে শুরু হওয়া পদযাত্রাটি আবু সাঈদ চত্বরসহ শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে গিয়ে শেষ হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, পরিবেশকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা জানান, অনিয়ন্ত্রিত সিসা অ্যাসিড ব্যাটারি রিসাইক্লিংসহ বিভিন্ন উৎস থেকে ছড়িয়ে পড়া সিসা শিশুদের স্বাস্থ্য ও মেধার বিকাশের জন্য মারাত্মক হুমকি। বিবিএস ও সংশ্লিষ্ট গবেষণার তথ্য অনুযায়ী, বাংলাদেশের সাড়ে তিন কোটিরও বেশি শিশু সিসার ঝুঁকিতে রয়েছে। পাঁচ বছরের কম বয়সী ৩৮ দশমিক ৩ শতাংশ শিশুর রক্তে সিসার মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার চেয়ে বেশি। বিভাগভিত্তিক তথ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে শিশুদের রক্তে উচ্চমাত্রার সিসা শনাক্তের হার যথাক্রমে ৬৫ শতাংশ, ৪৬ দশমিক ৭ শতাংশ ও ৪২ দশমিক ১ শতাংশ।
পদযাত্রায় সিসাকে ‘বিষাক্ত রাসায়নিক দ্রব্য’ হিসেবে ঘোষণা করে একটি সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের দাবি জানানো হয়। এছাড়া ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর রক্তে নিয়মিত সিসার মাত্রা পর্যবেক্ষণ, অনিরাপদ ব্যাটারি রিসাইক্লিং বন্ধে এক্সটেন্ডেড প্রডিউসার রেসপনসিবিলিটি (ইপিআর) কার্যকর করা এবং ব্যবহৃত ব্যাটারির পরিবেশবান্ধব পুনঃপ্রক্রিয়াজাতকরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
ইয়ুথনেট গ্লোবালের রংপুর বিভাগীয় সমন্বয়কারী জিলহজ্জ সরকার বলেন, সিসা দূষণ শিশুদের অধিকার ও জনস্বাস্থ্যের প্রশ্ন, তাই স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি জরুরি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম সিসাকে ‘নীরব বিষ’ হিসেবে আখ্যা দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপের ওপর জোর দেন। ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান সিসা দূষণ মোকাবিলায় কঠোর নীতিমালা ও তরুণদের সম্পৃক্ততার কথা বলেন। এছাড়া সোহাগ কুমার ও পিওর আর্থ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিতালী দাস শিশুদের খেলনা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যে সিসার উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারি নজরদারি বাড়ানোর দাবি জানান। মোহাইমিনুল ইসলাম জিপাত পরিবেশগত সুবিচার নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

