দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শুক্রবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী তিন দিন রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কিছু কিছু জায়গায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
বন্যা সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা) এসব নদীর পানি সমতল হ্রাস পেলেও আগামী তিন দিনে তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ব্রহ্মপুত্র-জমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে, যা আরও পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। এই প্রবণতার কারণে ব্রহ্মপুত্র-জমুনা নদীর পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কিছু স্থানে সতর্কসীমা স্পর্শ করতে পারে, যার ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে প্লাবনের আশঙ্কা রয়েছে।
দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পরিস্থিতির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কুশিয়ারা নদীর পানি বাড়লেও সুরমা নদীর পানি কমেছে। তবে আগামী তিন দিন সুরমা নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এতে আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, ফেনী, মুহুরি, গোমতী ও সেলোনিয়া নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী একদিন এসব নদীর পানি বাড়লেও পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দুর্বল হয়ে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে।

