টেকসই জ্বালানি রূপান্তরে বুয়েটে এনার্জি ফেস্টের সমাপনী ও ১২ দফা ঘোষণা

একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও সবুজ জ্বালানি রূপান্তরের পথ সুগম করতে নীতি সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি এবং পরিবেশগত সুরক্ষার ওপর জোর দিয়েছেন পরিবেশ ও জ্বালানি খাতের বিশেষজ্ঞরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’-এর সমাপনী দিনে এসব বিষয়ে গুরুত্বারোপ করা হয়। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই মেলা থেকে একটি ঐতিহাসিক ১২-দফা ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে, যেখানে দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতকে টেকসই করার সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়।

উৎসবের মূল আয়োজক হিসেবে ছিল একশনএইড বাংলাদেশ, বুয়েট, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) এবং বুয়েটের ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইইএসডি)। পাশাপাশি সহ-আয়োজক হিসেবে যুক্ত ছিল বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল (বিইপিআরসি), বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস), বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ), সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সি৩ইআর), গ্রিনারি এনার্জি সল্যুশন লিমিটেড, ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস (আইইইএফএ), অক্সফাম ইন বাংলাদেশ এবং দ্য আর্থ সোসাইটি।

ঘোষণাপত্রে দেশে একটি স্বতন্ত্র নবায়নযোগ্য জ্বালানি আইন প্রণয়ন, সৌরশক্তির প্রসার, অ্যাগ্রিভোল্টেইক্সের বিকাশ এবং স্মার্ট অবকাঠামো ও ব্যাটারি স্টোরেজ ব্যবহার করে জাতীয় গ্রিড আধুনিকায়নের সুপারিশ করা হয়। এছাড়া রেয়াতি ঋণ, গ্রিন বন্ড ও সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে সবুজ অর্থায়ন জোগাড়ের আহ্বান জানানো হয়। একইসঙ্গে দেশিয় উৎপাদন বৃদ্ধি, যুব সমাজের দক্ষতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রধান শিল্পখাতগুলোয় কার্বন নিঃসরণ হ্রাসের তাগিদ দেওয়া হয়েছে।

প্রযুক্তি ও অর্থায়নের পাশাপাশি সামাজিক ন্যায্যতা ও জবাবদিহিতাকে ঘোষণাপত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এতে বলা হয়, জ্বালানি রূপান্তর প্রক্রিয়ায় নারী, আদিবাসী জনগোষ্ঠী, শ্রমিক ও প্রান্তিক মানুষের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এছাড়া জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা, স্বাধীন সামাজিক ও পরিবেশগত পর্যবেক্ষণ, শ্রমিক সুরক্ষা এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে আঞ্চলিক প্রযুক্তি হস্তান্তর জোরদারের আহ্বানও রয়েছে এতে।

উৎসবের শেষ দিন বুধবারে দর্শনার্থী ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেলার উদ্ভাবন ও প্রযুক্তি প্রদর্শনীতে স্থানীয় উদ্ভাবকেরা নবায়নযোগ্য জ্বালানির অত্যাধুনিক ধারণা ও প্রযুক্তি উপস্থাপন করেন। পাশাপাশি করপোরেট খাতের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবার প্রদর্শনী পরিচালনা করে। পরিবেশ পরিবেশনায় কাকতাড়ুয়া পাপেট থিয়েটার একটি প্রদর্শনীর মাধ্যমে ন্যায়সংগত জ্বালানির সম্ভাবনা ও উপকারিতা তুলে ধরে।

সমাপনী দিনে জাতীয় ও আঞ্চলিক প্রেক্ষাপটে বেশ কয়েকটি প্যারালাল সংলাপ অনুষ্ঠিত হয়। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিবেশ বিশেষজ্ঞরা এসব সেশনে তাদের দেশের অভিজ্ঞতা শেয়ার করে তা বাংলাদেশে কীভাবে কাজে লাগানো যায় তা আলোচনা করেন। তরুণদের আয়োজিত ‘ফ্রম কমিউটমেন্ট টু কমিউনিটিঃ অ্যাডভান্সিং এ জাস্ট এনার্জি ট্রান্সজিশন থ্রু বাংলাদেশ এনডিসি ৩.০’ শীর্ষক সংলাপে শায়লা শবনম রিচির সঞ্চালনায় বক্তারা বায়ুদূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সৌরচালিত সেচব্যবস্থা ও আইওটি প্রযুক্তির মতো উদ্ভাবনী সমাধানের প্রতি গুরুত্ব দেন। আগামী ১২ মাসের মধ্যে সবুজ উদ্যোক্তা তৈরি ও পরিবেশবান্ধব রোডম্যাপ গঠনের দাবিও জানান তারা।

‘বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির অর্থায়ন ও বিনিয়োগ’ বিষয়ক আলোচনাটি সঞ্চালনা করেন একশনএইড বাংলাদেশের হেড অব প্রোগ্রাম অ্যান্ড এনগেজমেন্ট কাজী মোর্শেদ আলম। এতে মূল নিবন্ধ পাঠ করেন চেঞ্জ ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক জাকির হোসেন খান। প্যানেল আলোচনায় আরও অংশ নেন ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধি তানজিনা দিলশাদ, গ্রিনার গার্মেন্টস ইনিশিয়াটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরে আলম এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক একেএম নুরুননবী। আলোচনার মূল সুর ছিল জাতীয় নীতিমালা গঠন, যথাযথ ট্যারিফ ব্যবস্থা নির্ধারণ ও গবেষণায় অর্থায়ন বৃদ্ধিতে সরকারি-বেসরকারি সমন্বয় সাধন।

একই দিনে অবকাঠামো, সামাজিক-পরিবেশগত সুরক্ষা এবং নীতি ও সুশাসন নিয়ে আরও তিনটি পৃথক প্যানেল আলোচনা সম্পন্ন হয়। সেশনগুলোতে সোলার প্যানেল স্থাপন অধ্যাদেশের মতো আইন কীভাবে পরিবেশ ও মানুষের কল্যাণে ব্যবহার করা যায় সে বিষয়ে আলোকপাত করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নবায়নযোগ্য জ্বালানি খাতে অবদান রাখা তরুণ ও উদ্ভাবকদের পুরস্কৃত করা। প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে ‘ফেলাইট প্রকল্প’, দ্বিতীয় হয় ‘কার্বন ক্রেডিট বিডি প্রকল্প’ এবং তৃতীয় স্থান অধিকার করে ‘আইইউবি ফর্মুলা-ই প্রকল্প’। বিজয়ী দলকে সনদ ও সিডমানি প্রদান করা হয়। এছাড়া পোস্টার প্রদর্শনীতে আইইউবি, বুয়েট ও ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি পোস্টার সেরা হিসেবে স্বীকৃতি পায়।

উৎসবের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারপার্সন জাহরাত আদিব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন একশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির বোর্ড চেয়ার ইব্রাহিম খলিল আল জায়াদ। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির। এছাড়া ধন্যবাদ জ্ঞাপন করেন বুয়েটের অধ্যাপক এমএএ শওকত চৌধুরী এবং একশনএইড বাংলাদেশের ম্যানেজার ও জেটনেট-বিডির সদস্য সচিব আবুল কালাম আজাদ। আয়োজনে বিআইআইএসএস প্রতিনিধি ড. বেনুকা ফেরদৌসী, পরিবেশ সুরক্ষা মঞ্চের প্রতিনিধি কুদরত ই খুদা এবং একশনএইড বাংলাদেশের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস ম্যানেজার শাব্বীর রহমান উপস্থিত ছিলেন।