তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) প্রধান সি জোসেফ বিজয়ের বিরুদ্ধে দায়ের করা বিবাহবিচ্ছেদের মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন তার স্ত্রী সঙ্গীতা সর্নালিঙ্গম। শুক্রবার (৭ আগস্ট) ভার্চ্যুয়ালি আদালতে হাজির হয়ে তিনি মামলাটি তুলে নেওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানান। এরপর আদালত মামলাটি নিষ্পত্তি করে বন্ধ ঘোষণা করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে সঙ্গীতা সর্নালিঙ্গম তামিলনাড়ুর চেঙ্গালপট্টুর একটি আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। আবেদনে তিনি স্বামী-স্ত্রীর মধ্যে ‘অমীমাংসিত মতপার্থক্য’-এর কথা উল্লেখ করেছিলেন। সেই সঙ্গে তিনি স্থায়ী ভরণপোষণ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাই এলাকার দাম্পত্য বাসভবনে বসবাসের অনুমতির আবেদনও জানিয়েছিলেন।
মামলাটির আইনি প্রক্রিয়া চলাকালীন শুনানি একাধিকবার পিছিয়ে যায়। গত ১৫ জুন সঙ্গীতা আদালতকে তার আবেদনটি প্রত্যাহার করার ইচ্ছার কথা জানান। এর পরিপ্রেক্ষিতে আদালত ৭ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এর আগে গত মাসে নির্ধারিত শুনানিতে বিজয় কিংবা সঙ্গীতা কেউই সশরীরে আদালতে উপস্থিত ছিলেন না; উভয় পক্ষের আইনজীবীরা ব্যক্তিগত অসুবিধার কথা জানিয়ে সময় প্রার্থনা করেছিলেন।
শুক্রবার সঙ্গীতার আবেদন গ্রহণের মাধ্যমে আইনি প্রক্রিয়ার সমাপ্তি ঘটল। বিজয় ও সঙ্গীতার দীর্ঘ প্রায় তিন দশকের দাম্পত্য জীবন রয়েছে। ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে বিজয়ের বিভিন্ন রাজনৈতিক সভায় সঙ্গীতার অনুপস্থিতিকে কেন্দ্র করে তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। যদিও সেই সময় বিষয়টি অস্বীকার করা হয়েছিল। পরবর্তীতে ২০২৫ সালে টিভিকের দ্বিতীয় রাজ্য সম্মেলনসহ বেশ কিছু রাজনৈতিক কর্মসূচিতেও সঙ্গীতাকে দেখা না যাওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে। সাম্প্রতিক তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে একক বৃহত্তম দল হিসেবে জয়ী হয়ে সরকার গঠন করেছে।

