গরুর মাংস নিয়ে মন্তব্য করে বিতর্কে অভিনেত্রী তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন ভারতীয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা, কটাক্ষ ও ট্রোল। এমনকি তার ছবি সম্পাদনা করে তাতে জুতার মালা পরানোর মতো ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে বিশ্বজিতের পাশে দাঁড়িয়ে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন ‘মা’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী তিথি বসু।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিশ্বজিৎ চক্রবর্তী বাংলাদেশের আতিথেয়তা ও খাবারের প্রশংসা করতে গিয়ে গরুর মাংস ও ইলিশের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়েছিলেন। সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে। এই প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিথি বলেন, তাদের ধারাবাহিকের সেটে এমন অনেক ব্রাহ্মণ শিল্পী-অভিনেতা ছিলেন, যারা গরুর মাংস নিয়ে গল্প করতেন। তিনি আরও দাবি করেন, কলকাতার বিভিন্ন জায়গায় গরুর মাংসের দোকানেও অনেক হিন্দুকে যেতে দেখেছেন তিনি।

তিথির ভাষ্য অনুযায়ী, অনেক মানুষই গরুর মাংস খান এবং এটাই বাস্তব। তিনি মন্তব্য করেন, ‘এমনকি মুসলিমদের থেকে হিন্দুরাই বেশি খায়। যারা প্রকাশ্যে বলেন না, তাদের মধ্যেও অনেকেই হয়তো আড়ালে খেয়ে থাকেন।’ তিনি আরও যোগ করেন, ধর্ম বা খাদ্যাভ্যাস সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং অন্যের ওপর নিজের পছন্দ চাপিয়ে দেওয়া ঠিক নয়।

তবে তিথির এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়েও শুরু হয়েছে তীব্র সমালোচনা। কেউ কেউ তার বক্তব্যের সমর্থন করলেও অনেকে কটাক্ষ করে বলছেন, ‘তুমি গরুর মাংস খাও! তোমার প্রতি ভালোবাসা কমে গেল।’ আবার কেউ কেউ মন্তব্য করেছেন, এমন স্পর্শকাতর বিষয়ে তিথির কথা না বলাই উচিত ছিল। বিশ্বজিতের বিতর্কে কথা বলে এবার নিজেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ‘ঝিলিক’খ্যাত এই অভিনেত্রী।