বলিউডে স্বাধীনচেতা নারী চরিত্রে অভিনয় করে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন তাপসী পান্নু। ‘পিঙ্ক’, ‘থাপ্পড়’, ‘বদলা’, ‘মুল্ক’ এবং ‘হাসিন দিলরুবা’র মতো সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি দারুণ প্রশংসিত হয়েছেন। তবে এই পরিচিতিই এখন তার জন্য এক ধরনের ‘খাঁচা’ হয়ে দাঁড়িয়েছে। তাপসী আর একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করতে চান না। বরং পর্দায় নিজেকে আরও বৈচিত্র্যময়ভাবে তুলে ধরতে আগ্রহী এই অভিনেত্রী।
চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে তাপসী এখন বেশ সচেতন। পছন্দ না হলে তিনি অনায়াসেই সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী জানান, বলিউডে অভিনেত্রীদের নির্দিষ্ট কিছু গণ্ডিতে আটকে রাখার প্রবণতা এখনও বিদ্যমান। তার মতে, গ্ল্যামারাস চরিত্রের জন্য যেমন নির্দিষ্ট কিছু অভিনেত্রীকে ভাবা হয়, তেমনি সামাজিক সমস্যাভিত্তিক বা কঠিন চরিত্রের ক্ষেত্রেও আলাদা তালিকা থাকে। এই ‘টাইপকাস্টিং’-এর বিরুদ্ধেই তার আপত্তি। তিনি মনে করেন, সবাই পরীক্ষিত পদ্ধতি অনুসরণ করে নিজের সুবিধাজনক জায়গায় ফিরে যেতে চাইছেন।
তাপসী জানান, কোনো সিনেমার গল্প বা চরিত্র পছন্দ না হলে তিনি সরাসরি ‘না’ বলার পাশাপাশি নির্মাতাদের বোঝানোর চেষ্টা করেন। তিনি মনে করেন, দর্শক যদি আগেই সিনেমার পরিণতি আঁচ করতে পারেন, তবে সেই চরিত্রে তাকে নেওয়া নির্মাতাদের জন্য সঠিক সিদ্ধান্ত হবে না। এমনকি কিছু সিনেমায় নিজেকে ‘ডি-সেল’ করার কথাও জানিয়েছেন তিনি, যাতে নির্মাতারা তাকে ওই চরিত্রের জন্য বিবেচনা না করেন।
নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কথা স্মরণ করে তাপসী বলেন, তখন নায়িকাকেন্দ্রিক ছকবাঁধা চরিত্রের সুযোগ ছিল না বলেই তিনি কঠিন ও ভিন্ন ধাঁচের চরিত্রে অভিনয় করেছিলেন। ভাগ্যক্রমে সেই সিনেমাগুলো জনপ্রিয় হওয়ায় তিনি শক্তিশালী নারী চরিত্রের অভিনেত্রী হিসেবে পরিচিতি পান। তবে এখন একই ধরনের চরিত্রে অভিনয় মানসিকভাবে স্বাস্থ্যকর নয় বলে তিনি মনে করেন। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘খেল খেল মে’র মতো হালকা মেজাজের সিনেমাতেও তার আপত্তি নেই।
বর্তমানে তাপসী তার নতুন সিনেমা ‘গান্ধারী’ নিয়ে ব্যস্ত রয়েছেন। আগামী ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় তাকে ‘বাণী’ চরিত্রে দেখা যাবে। গল্পে বাণী এমন এক মা, যার মেয়েকে অপহরণ করা হয়েছে এবং তাকে উদ্ধার করতে তিনি এক বিপজ্জনক ও নিরলস অভিযানে নামেন।

