বিগ বস-২০ সঞ্চালনায় সালমান খানের সম্ভাব্য পারিশ্রমিক কত

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব আবদুল রশিদ সেলিম ওরফে সালমান খান ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় ব্যস্ত থাকলেও, দীর্ঘ সময় ধরে তিনি জনপ্রিয় রিয়েলিটি টেলিভিশন অনুষ্ঠান ‘বিগ বস’ সঞ্চালনা করে আসছেন। বিশেষ করে শোয়ের ‘উইকেন্ড কা ভার’ পর্বে তার উপস্থিতি দর্শকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ।

প্রতি সিজন আসার আগেই সালমান খানের পারিশ্রমিক নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও জল্পনা তৈরি হয়। আসন্ন ‘বিগ বস-২০’ সিজন নিয়েও এর ব্যতিক্রম ঘটেনি। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এবারের সিজন সঞ্চালনার জন্য সালমান খানকে প্রায় ১২০ থেকে ১৫০ কোটি টাকা পারিশ্রমিক দেওয়ার সম্ভাবনা রয়েছে। ১৫ সপ্তাহের এই পুরো সিজনের হিসাব করলে প্রতি সপ্তাহে তার পারিশ্রমিক প্রায় আট থেকে ১০ কোটি টাকা দাঁড়াতে পারে। তবে এই অংকটি সালমান খান নিজে কখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

জানা গেছে, আগের কয়েকটি সিজনের তুলনায় এবারের সিজনে শোয়ের বাজেট তুলনামূলকভাবে বেশি। যদিও এই বাজেট এবং সালমানের পারিশ্রমিক নিয়ে নানা আলোচনা রয়েছে, তবে এখনো চূড়ান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে বিগ বস-১৯ সিজনের সঞ্চালনার জন্যও সালমান খান প্রায় ১২০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে।