লাস ভেগাসে বাবার ৬৮তম জন্মদিন উদযাপনে প্রিন্স জ্যাকসন

বিশ্বের বিভিন্ন প্রান্তে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ভক্তরা তার জন্মদিন উদযাপন করেছেন। এই বিশেষ দিনে প্রয়াত বাবার ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিকাতর হয়ে উঠলেন তার ছেলে প্রিন্স জ্যাকসন। ২৯ আগস্ট লাস ভেগাসের ম্যান্ডালে বে-তে অবস্থিত ‘মাইকেল জ্যাকসন ওয়ান’ শো-তে উপস্থিত হন প্রিন্স। সার্ক দু সোলেইয়ের এই বিশেষ শো-টি মাইকেল জ্যাকসনের জনপ্রিয় গানগুলোর সমন্বয়ে সাজানো হয়েছে এবং এটি তার বাবার জন্মদিন উপলক্ষে এক বিশেষ আয়োজন ছিল।

বাবার উত্তরাধিকার নিয়ে ভাবনা প্রকাশ করে প্রিন্স পিপল ম্যাগাজিনকে জানান, বাবার বায়োপিক মুক্তির পর তার প্রভাব এবং নতুন প্রজন্মের কাছে বাবার গান ও বার্তা পৌঁছে যাওয়া দেখে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি আশাবাদী যে, এই উদ্যোগ পৃথিবীকে আরও ভালো জায়গায় পরিণত করবে। উল্লেখ্য, প্রিন্স জ্যাকসন এই বায়োপিকটির প্রযোজক হিসেবেও কাজ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ উদযাপনের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে প্রিন্সকে এই আয়োজনে অংশ নিতে দেখা গেছে। ভক্তরা প্রিন্সের এই বিরল উপস্থিতিকে অত্যন্ত আন্তরিক বলে মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, প্রিন্স বেশিরভাগ সময় নিজেকে আড়ালে রাখেন বলেই বাবার জন্মদিনে এই শ্রদ্ধা নিবেদনগুলো আরও বেশি আন্তরিক মনে হয়। আরেকজন লিখেছেন, প্রিন্স জ্যাকসনকে বাবার জন্মদিন উদযাপনে বেরিয়ে আসতে দেখে বোঝা যায়, এত বছর পরেও মাইকেল জ্যাকসনের উত্তরাধিকার কতটা বিশাল।

২০০৯ সালে মাইকেল জ্যাকসনের মৃত্যুর সময় প্রিন্সের বয়স ছিল ১২ বছর। এর আগে তার সর্বশেষ জনসমক্ষে উপস্থিতি ছিল মাইকেল ছবির প্রিমিয়ারে, যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন প্রিন্সের কাজিন জাফর জ্যাকসন।