বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া প্রথমবারের মতো ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন। এর আগে তাকে ওটিটি প্ল্যাটফর্মে দেখা গেলেও, এবারই প্রথম তিনি কোনো ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেন। তার এই নতুন যাত্রার শুরুটা হয়েছে একটি রহস্যে মোড়া ক্রাইম থ্রিলার দিয়ে। নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’-এ তাকে দেখা যাবে একজন মায়ের চরিত্রে।
সিরিজের কাহিনি গড়ে উঠেছে এমন এক মাকে ঘিরে, যার সন্তান নয় বছর আগে হারিয়ে গিয়েছিল। সন্তানকে ফিরে পাওয়ার জন্য তার দীর্ঘ লড়াই এবং এই প্রক্রিয়ায় চারপাশের মানুষ ও সম্পর্কের প্রতি অবিশ্বাস থেকেই গল্পের প্রেক্ষাপট তৈরি হয়েছে। পরিচালক রেন্সিল ডি’সিলভার মতে, এটি এমন একটি থ্রিলার যা চরম অনিশ্চয়তার ওপর দাঁড়িয়ে আছে।
পরিণীতি ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন সোনি রাজদান, অনূপ সোনি, জেনিফার উইঙ্গেট, তাহির রাজ ভাসিন, সুমিত ব্যাস, হারলিন শেঠি ও ধ্রুব চৌধুরী। নেটফ্লিক্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, আগামী ২৪ সেপ্টেম্বর সিরিজটি দর্শকদের জন্য মুক্তি পাবে।

