জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান দ্বিতীয়বারের মতো মা হওয়ার অপেক্ষায় রয়েছেন। ৪১ বছর বয়সী এই তারকা সম্প্রতি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ) অংশ নেওয়ার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে এই সুখবর ভাগ করে নেন। তিনি নিজের বেবি বাম্পের একটি ছবি পোস্ট করে সবাইকে চমকে দিয়েছেন।
প্রকাশিত ছবিতে দেখা যায়, মাহিরা সাদা রঙের একটি ঢিলেঢালা গাউন পরে হাসিমুখে এক হাত পেটের ওপর রেখে দাঁড়িয়ে আছেন, যেখানে তার বেবি বাম্প স্পষ্টভাবে দৃশ্যমান। ছবির ক্যাপশনে তিনি সংক্ষেপে লিখেছেন, “আমরা পরিকল্পনা করি, আর তারপর আসে আল্লাহর পরিকল্পনা।”
এই ঘোষণাটি এমন একটি সময়ে এল, যখন মাহিরা টরন্টো চলচ্চিত্র উৎসবের ‘কমিউনিটি ইমপ্যাক্ট’ আয়োজনে একজন আলোচক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এই উৎসবে তাকে সম্মানিতও করা হয়। উল্লেখ্য, ২০১৬ সালে ‘রইস’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হওয়ার দীর্ঘ এক দশক পর মাহিরা আবার টিফ-এ উপস্থিত হলেন।
ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে ২০২৩ সালের অক্টোবরে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিরা। তাদের বিয়ের প্রায় তিন বছর পর এই দম্পতির ঘরে প্রথম সন্তান আসতে চলেছে। তবে মাহিরার জন্য এটি দ্বিতীয় সন্তান। তার প্রথম সংসারের ১৭ বছর বয়সী আজলান নামে এক ছেলে রয়েছে। এমনকি মাহিরার দ্বিতীয় বিয়ের সময় তার ছেলে আজলান নিজেই মাকে বিয়ের আসরে নিয়ে গিয়েছিলেন।
অভিনয়ের ক্ষেত্রে মাহিরাকে সবশেষ বিলাল আতিফ খান পরিচালিত উর্দু চলচ্চিত্র ‘আগ লাগায় বস্তি মে’-তে দেখা গেছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ফাহাদ মুস্তাফা। এছাড়াও ছবিটিতে জাভেদ শেখ, তবিশ হাশমি, সালাহউদ্দিন তুনিও, আলী আবদুল্লাহ, সামরা শেহজাদি ও হাফিজ রেজা আহমেদের মতো শিল্পীরা অভিনয় করেছেন।

