চলচ্চিত্র সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান বলেছেন, চলচ্চিত্র সমাজ ও মানুষের মানসিকতা পরিবর্তনের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি উল্লেখ করেন যে, অতীতে সিনেমা যে বার্তা প্রদান করত, তা হয়তো মানুষ চোখ দিয়ে দেখত কিন্তু তা গভীরভাবে হৃদয়ে গেঁথে যেত। প্রতিটি সিনেমার নিজস্ব চরিত্র এবং একটি স্পষ্ট বার্তা থাকা বাঞ্ছনীয় বলে তিনি মন্তব্য করেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) অডিটোরিয়ামে ‘ফিল্ম ডিরেক্টরস ডে ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে।

তথ্যমন্ত্রী প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনসহ গুণী নির্মাতাদের স্মরণ করে বলেন, তাদের প্রতিটি সিনেমায় সামাজিক ও মানবিক বার্তা থাকত। তিনি বলেন, ‘আমরা চাই সবাই মিলে আগামীতে এমন কাজ করতে, যাতে আমাদের চলচ্চিত্রগুলো আবার কথা বলে।’ আন্দালিভ রহমান আরও বলেন, সময়ের পরিবর্তনের সাথে সাথে সমাজের বাস্তবতা বদলেছে। বর্তমানে তরুণরা মাদকের ভয়াবহতায় জড়িয়ে পড়ছে এবং সমাজে নানা ধরনের বৈষম্য রয়েছে। এই সংকট থেকে উত্তরণের পথ দেখাতে চলচ্চিত্র নির্মাতাদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সরকারের আন্তরিকতার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের সিনেমাকে আবারও তার গৌরবোজ্জ্বল অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, অতীত সোনালি দিনের তুলনায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি যে পর্যায়ে পৌঁছানোর কথা ছিল, তা সম্ভব হয়নি। তিনি জানান, শুধু এফডিসিকেন্দ্রিক নয়, বরং পুরো ইন্ডাস্ট্রিকে পুনরুজ্জীবিত ও উন্নত করার লক্ষ্যে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং নির্দিষ্ট সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ উন্নয়ন পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকার চলচ্চিত্র খাতের স্বকীয়তা ও গৌরব ফিরিয়ে আনতে আগ্রহী। চলচ্চিত্র খাতের সংকট কাটাতে এবং আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে সরকার অংশীজনদের সাথে আলোচনা করে একটি পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে আরও রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ (সোহেল রানা), পরিচালক এ জে মিন্টু, কাজী হায়াৎ, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহান ঝন্টু, ড. মতিন রহমান ও মশিউদ্দীন শাকের।

কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ছোটবেলায় প্রতিদিন এফডিসিতে রেকর্ডিং করতেন এবং এখান থেকেই হাজার হাজার কালজয়ী গান সৃষ্টি হয়েছে। চলচ্চিত্র পরিচালকদের কারণেই তিনি আজ সাবিনা ইয়াসমিন হয়ে উঠতে পেরেছেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহিন সুমন। এছাড়া সমিতির মহাসচিব শাহিন কবির টুটুল, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি-সহ চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।